logo

রহস্য-রোমাঞ্চে ঘেরা জয়া আহসানের নতুন সিনেমা ‘আরএসভিপি মার্ডার’

রহস্য-রোমাঞ্চে ঘেরা জয়া আহসানের নতুন সিনেমা ‘আরএসভিপি মার্ডার’
জয়া আহসান। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

পাহাড়ের মনোরম পরিবেশে আনন্দঘন এক আয়োজন। সেখানে উপস্থিত পরিচিত মুখগুলো। কিন্তু হঠাৎ একটি অস্বস্তিকর বার্তা বদলে দেয় পুরো পরিস্থিতি। এরপর একে একে সামনে আসতে থাকে সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা দ্বন্দ্ব, ঈর্ষা, ক্ষোভ আর বিশ্বাসঘাতকতার গল্প। এমনই এক রহস্যঘেরা কাহিনি নিয়ে বড় পর্দায় আসছে নির্মাতা অর্জুন দত্তের নতুন সিনেমা ‘আরএসভিপি মার্ডার’। এতে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।

পছন্দের নির্মাতার সঙ্গে কাজের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত জয়া। সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে অভিনেত্রী জানান, অর্জুন দত্ত তার পছন্দের পরিচালকদের একজন। তার পরবর্তী সিনেমার অংশ হতে পেরে আনন্দিত তিনি। পাশাপাশি একঝাঁক গুণী শিল্পীর সঙ্গে কাজের সুযোগকেও বড় প্রাপ্তি হিসেবে দেখছেন।

নিজের চরিত্র প্রসঙ্গে জয়া বলেন, চরিত্রটি বেশ আকর্ষণীয়। এটি পর্দায় ফুটিয়ে তোলার মধ্যে আলাদা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। ব্যক্তিগতভাবেও চরিত্রটি তার ভালো লেগেছে। সিনেমাটি নির্মাণ শেষে দর্শকের কাছে কতটা গ্রহণযোগ্যতা পায়, এখন সেই অপেক্ষায় রয়েছেন তিনি।

‘আরএসভিপি মার্ডার’ মূলত একটি মনস্তাত্ত্বিক খুনের রহস্যনির্ভর সিনেমা। পাহাড়ের কোলে আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে এগোবে গল্প। আনন্দের আবহে শুরু হওয়া আয়োজনের মধ্যেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। এরপর প্রকাশ পেতে থাকে সেখানে উপস্থিত মানুষগুলোর সম্পর্কের জটিলতা। বন্ধুত্ব, দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের আড়ালে জমে থাকা নানা বিরোধ ধীরে ধীরে সামনে আসবে।

সিনেমাটিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, লোকনাথ দে ও গৌরব রায়চৌধুরীসহ আরও অনেকে।

খুনের রহস্য উন্মোচনের পাশাপাশি মানুষের মনস্তত্ত্ব, পারস্পরিক অবিশ্বাস এবং সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা অপ্রকাশিত সত্য উঠে আসবে সিনেমাটিতে। সব মিলিয়ে রহস্য, সন্দেহ ও বিশ্বাসঘাতকতার গল্পে জয়া আহসানের নতুন এই উপস্থিতি দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করবে বলেই মনে করা হচ্ছে।