রাজধানীর তুরাগে ‘পিচ্চি মাসুদ’ গ্রেপ্তার

রাজধানীর তুরাগে বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত চাঁদাবাজ মো. মাসুদ রানা ওরফে ‘পিচ্চি মাসুদ’কে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি, ডাকাতির প্রস্তুতি এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে ডিএমপির বিভিন্ন থানায় মোট ৯টি মামলার সংশ্লিষ্টতার তথ্য রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তুরাগের কামারপাড়া ১০ নম্বর সেক্টর এলাকায় তুরাগ থানা পুলিশ ও এসআরবি-০১-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
রাতে এ তথ্য জানিয়েছেন পরবর্তীতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
আকতার হোসেন জানান, পিচ্চি মাসুদ এলাকায় চিহ্নিত ও তালিকাভুক্ত চাঁদাবাজ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় দায়ের হওয়া নয়টি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলার মধ্যে চাঁদাবাজি, মারামারি, ডাকাতির প্রস্তুতি এবং নারী ও শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

