বাহরাইনে হামলা চালাল ইরান

পারস্য উপসাগরীয় দেশ বাহরাইনে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। দেশটিতে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। রাডারটি ধ্বংস করার দাবি করেছে তেহরান।
শুক্রবার (১৩ নভেম্বর) বাহরাইনে হামলার পাশাপাশি একই সময় হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি ট্যাংকার পুঁতে রাখা মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে বলে নিশ্চিত করেছে আইআরজিসি। সশস্ত্র বাহিনীর বিবৃতি বরাতে এ তথ্য জানিয়েছ বার্তা সংস্থা এপি।
বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থায় হামলা চালিয়েছে তারা। দক্ষিণ ইরানের সিরিক বন্দরে একটি টেলিযোগাযোগ খুঁটিতে মার্কিন হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়।
বিপ্লবী গার্ডের বিবৃতিতে বলা হয়েছে, রাডারে হামলাটি যুক্তরাষ্ট্রের জন্য তাদের সামরিক অভিযান বন্ধ করার একটি গুরুতর সতর্কবার্তা। গত সেপ্টেম্বরের পর বাহরাইনের কোনো স্থাপনাকে লক্ষ্যবস্তু করার এটিই ইরানের প্রথম দাবি।
বাহরাইন ইরানের অন্যতম কঠোর সমালোচক। দেশটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।
গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া বিমানযুদ্ধে হামলার জবাবে ইরান বাহরাইনসহ প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এরপর থেকে বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে ট্যাংকারগুলোকে নিয়মিত লক্ষ্যবস্তু করে আসছে ইরান।
মার্কিন সেন্ট্রাল কমান্ড ও বাহরাইনের তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে এপির মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসবাহী ট্যাংকার মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তাদের দাবি, প্রণালির পূর্বাঞ্চল দিয়ে যাওয়ার সময় জাহাজটি তাদের বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করেছিল। এরপর সেটি মাইনের ওপর দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে।
তবে এ দাবিরও স্বাধীন কোনো সত্যতা নিশ্চিত করতে পারে এপি। সমুদ্রপথে চলাচল ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) থেকেও তাৎক্ষণিকভাবে এ ঘটনা সম্পর্কে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
(2)-6182f1.jpg)
