logo

দিল্লি ওরে কাঁটাতারের বেড়া দিয়া পুশ-ইন করুক, শেখ হাসিনা ইস্যুতে শফিকুল আলম

দিল্লি ওরে কাঁটাতারের বেড়া দিয়া পুশ-ইন করুক, শেখ হাসিনা ইস্যুতে শফিকুল আলম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম। ছবি: কোলাজ

গণ-অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফেরার ঘোষণা দিয়েছেন অনেক আগে। ডিসেম্বরে তার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নানামুখী কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনা জোরালো হচ্ছে।

ইতোমেধ্যে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পাসপোর্টের আবেদন ঘিরে সেই আলোচনা আরও বেড়েছে। তিনি কীভাবে দেশে ফিরবেন, ট্রাভেল পাস, নাকি প্রত্যর্পণ চুক্তি–কোন পথে খুলতে পারে তার ফেরার দরজা, এ নিয়ে না মহলে প্রশ্ন উঠেছে। যদিও বিএনপি সরকার ট্রাভেল পাস না দিয়ে ভারতের সঙ্গে থাকা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার কথা জানিয়ে দিয়েছে।

তবে এমন পরিস্থিতিতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম এ নিয়ে তীর‌্যক মন্তব্য করেছেন। তিনি শেখ হাসিনাকে বাংলাদেশের স্থলবন্দর দিয়ে নতুবা বর্ডারের কাঁটাতারের বেড়া দিয়ে পুশ-ইন করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন।

পোস্টে শফিকুল আলম লেখেন, ‘বাংলাদেশের ঠেকা পড়ছে একটা খুনি, মানবতাবিরোধী আইনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে মিলিটারি এয়ারক্রাফট (সামরিক বিমান) পাঠিয়ে দেশে নিয়ে আসবে!! মামাবাড়ির আবদার!! পারলে দিল্লি ওরে ল্যান্ডপোর্ট (স্থলবন্দর) দিয়া পাঠাইয়া দিক, নতুবা বর্ডারের কাঁটাতারের বেড়া দিয়া পুশ-ইন করুক!!’