logo

এমপি নুসরাতের বাড়িতে আগুনে শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ

এমপি নুসরাতের বাড়িতে আগুনে শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন। ছবি : ফেসবুক থেকে পাওয়া

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে দাবি করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা বৈদ্যুতিক তার, মিটার ও ফিউজ পরীক্ষা করে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম-ওএন্ডএম) তোজাম্মেল হক এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

তোজাম্মেল হক বলেন, পল্লী বিদ্যুতের লাইন থেকে কোনো শর্টসার্কিট হয়নি। অগ্নিকাণ্ডের সময় বিদ্যুতের লাইন অক্ষত ছিল। ঘটনার পর অভিযোগ কেন্দ্রে ফোন আসার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পরে দুজন লাইনম্যান ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক তার ও মিটার উদ্ধার করেন। পরীক্ষা করে দেখা যায়, তার অক্ষত ছিল।

তিনি আরও বলেন, আগুনে মিটারের বাইরের অংশ পুড়ে গেলেও ভেতরের সার্কিটে শর্টসার্কিটের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বাড়ির প্রধান সুইচের কার্টিজ ফিউজগুলোও অক্ষত ছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট হলে সাধারণত ফিউজ পুড়ে যাওয়ার কথা। কিন্তু এখানে ফিউজগুলো অক্ষত পাওয়া গেছে। বাড়িতে স্বাভাবিক মানের ফিউজ ব্যবহার করা হয়েছিল; উচ্চ রেটিংয়ের কোনো ফিউজ ছিল না।

সবকিছু পর্যালোচনা করে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে দায়ী করার মতো কোনো আলামত পাওয়া যায়নি বলে দাবি করেন তোজাম্মেল হক।

এর আগে, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে আগুন লাগে। এতে বাড়ির কয়েকটি কক্ষ পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায় বলে জানা গেছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট