logo

এমপি নুসরাতের বাড়িতে আগুন, কারণ নিয়ে ধোঁয়াশা

এমপি নুসরাতের বাড়িতে আগুন, কারণ নিয়ে ধোঁয়াশা
বাড়িতে আগুনের প্রকৃত কারণ জানা যায়নি। ইনসেটে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতি। ছবি : এশিয়া পোস্ট

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও আগুনের প্রকৃত কারণ জানা যায়নি। সংশ্লিষ্ট প্রশাসনিক ও তদন্তকারী সংস্থাগুলোও এখন পর্যন্ত এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায় থেকে জাতীয় সংসদ পর্যন্ত আলোচনা-সমালোচনা চলছে। কেউ মনে করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অন্যদিকে, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পক্ষ থেকে ঘটনাটিকে পরিকল্পিত হামলা এবং পরিবারের সদস্যদের হত্যাচেষ্টা হিসেবে দাবি করা হয়েছে।

তবে পুলিশের গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িতে পেট্রোল বোমা ব্যবহারের সুনির্দিষ্ট কোনো আলামত পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিজ্ঞ আদালতে পাঠানো হবে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি তদন্ত করছে। এসব সংস্থার যৌথ মতামতের ভিত্তিতে অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ করা হবে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান এশিয়া পোস্টকে বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এশিয়া পোস্টকে বলেন, আগুন কীভাবে লেগেছে, সে বিষয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। ফায়ার সার্ভিস ও পুলিশের সিআইডিসহ কয়েকটি সংস্থা কাজ করছে। সবার যৌথ মতামতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন এশিয়া পোস্টকে বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। দুই-তিন দিনের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন হতে পারে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও চূড়ান্তভাবে নির্ধারণ করা যায়নি।

এদিকে, ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক পক্ষ ঘটনাটিকে নাশকতা হিসেবে দেখছে, অন্য পক্ষ তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর পক্ষে অবস্থান নিয়েছে। ফলে আগুনের প্রকৃত কারণ নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এশিয়া পোস্টকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অধিকতর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় নিজে বাদী হয়ে মামলা করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তার অভিযোগ, বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা করা হয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট