জুমার দিনের যে আমলে এক সপ্তাহের গুনাহ মাফ হয়

মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন শুক্রবার। এটি আল্লাহর কাছে সর্বোত্তম দিন। পৃথিবীর প্রথম মানুষ আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে এ দিনে। এ দিনই কেয়ামত সংঘটিত হবে। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘দিনগুলোর মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত।’ (ইবনে মাজাহ, হাদিস: ১০৮৪)
ফজিলতপূর্ণ এ দিনে হজরত মুহাম্মদ (সা.) বেশ কিছু আমল করতেন। সাহাবিদেরও সেসব আমল করার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, গোসল করা, উত্তম পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, দ্রুত মসজিদে যাওয়া, মনোযোগের সঙ্গে খুতবা শোনা, গুরুত্বের সঙ্গে জুমার নামাজ আদায় করা, দোয়া করা এবং বেশি বেশি দরুদ পড়া ইত্যাদি।
জুমার দিন যেসব ইবাদত ও আমল করা হয়, সপ্তাহের অন্যান্য দিনে সাধারণত তা করা হয় না। এই ব্যতিক্রম মুসলিমকে আনন্দ দেয়। ইবাদতে প্রাণ সঞ্চার করে। জুমার দিন পেয়ে আনন্দিত হওয়া সওয়াব। এটি সুন্নতও। কারণ এ দিনের গুরুত্ব অনেক। হজরত মুহাম্মদ (সা.) এ দিনে বিশেষ গুরুত্ব দিতেন। বিশেষ আমল করতেন।
এ দিনের সবচেয়ে বড় আমল জোহর নামাজের পরিবর্তে জুমার নামাজ আদায় করা। জুমার নামাজের গুরুত্ব বর্ণনা করে আল্লাহ বলেন, ‘হে মুমিনরা, জুমার দিনে যখন নামাজের জন্য ডাকা হয়, তখন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। কেনাবেচা ছেড়ে দাও, এটাই তোমাদের জন্য অতি উত্তম, যদি তোমরা জানতে!’ (সুরা জুমা, আয়াত: ৯)
এ ছাড়াও জুমার দিনের অনেক ফজিলতপূর্ণ আমল আছে। কেউ যদি জুমার দিন পবিত্র হয়ে মসজিদে গিয়ে ইমাম নামাজ শেষ করা পর্যন্ত নীরব থাকে, তাহলে তার এক সপ্তাহের গুনাহ মাফ হয়ে যায়।
সালমান ফারসি (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তুমি জানো, জুমার দিন কী? উত্তর দিলাম, আল্লাহ ও তার রাসুল অধিক অবগত আছেন। তিনি আবার জিজ্ঞেস করলেন, তুমি কি জানো, জুমার দিন কী? আমি একই জবাব দিলাম, আল্লাহ ও তার রাসুল ভালো জানেন। তিনি তৃতীয়বার প্রশ্ন করলেন, বলো তো জুমার দিন কী? আমি তৃতীয়বার বা চতুর্থবার বললাম, জুমা হলো ওই দিন, যাতে আদম (আ.)-কে জমা করা হয়েছে। (অর্থাৎ তাঁকে সৃষ্টি করা হয়েছে।) তখন মহানবী (সা.) বললেন, (এসব কিছু না।) বরং আমি তোমাকে জুমার দিনের খবর (আসল ফজিলত) সম্পর্কে অবগত করছি। কোনো মুসলিম যদি পবিত্র হয়ে জামে মসজিদের দিকে হাঁটতে থাকে, এরপর ইমাম নামাজ শেষ করা পর্যন্ত নীরব থাকে, তাহলে এ নামাজ এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত তার গুনাহসমূহের কাফফারা (মোচনকারী) হয়ে যাবে, যদি ধ্বংসকারী তথা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে।’ (শারহু মুশকিলিল আসার, হাদিস: ৩৮২৮; সহিহ ইবনে খুজায়মা, হাদিস: ১৭৩২)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন গোসল করে কাছে থাকা সুন্দরতম জামাটি পরে সংগ্রহে থাকা সুগন্ধি ব্যবহার করে জুমাতে উপস্থিত হলো, কারও কাঁধ ডিঙ্গিয়ে গেল না, আল্লাহর তাওফিক অনুযায়ী সুন্নত-নফল পড়ল, এরপর খতিব (খুতবার জন্য) বের হওয়া থেকে নামাজ শেষ করা পর্যন্ত নিশ্চুপ থাকল, তার এই নামাজ এ জুমা থেকে সামনের জুমা পর্যন্ত (গোনাহের) কাফফারা হবে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৪৩)


