গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ ফিলিস্তিনি নিহত, আহত ৪০

ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন চিকিৎসক ও একজন নারীও রয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন। চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
সর্বশেষ হামলায় উত্তর গাজার জাবালিয়া আল-নাজলা এলাকায় বেসামরিক নাগরিকদের একটি জমায়েত লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং অপর একজন মাঝারি মাত্রায় আহত হয়েছেন। আল-শিফা হাসপাতালের এক চিকিৎসা সূত্র এ তথ্য জানিয়েছে।
এর আগে আল-শিফা হাসপাতালের কাছে একটি বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় ৩৫ বছর বয়সী এক পুরুষ ও এক নারী নিহত হন। হামলায় ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। গুরুতর আহত ৪৬ বছর বয়সী নারী পরে মারা যান।
গাজা সিটির উত্তর-পশ্চিমাঞ্চলে শাতি শরণার্থীশিবিরের একটি খালি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় কয়েকজন ফিলিস্তিনি সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র।
মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের আল-বারাকা সড়কে একটি বেসামরিক গাড়িতে ড্রোন হামলায় আরও এক ফিলিস্তিনি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আল-আকসা শহীদ হাসপাতালের এক চিকিৎসা সূত্র এ তথ্য জানিয়েছে।
এদিকে, বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হাসান আবু খুরাইসের মরদেহ আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
আনাদোলুর এক সংবাদদাতা জানিয়েছেন, মধ্য গাজার আল-মাসদার গ্রাম ও আশপাশের এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণের পাশাপাশি ব্যাপক গুলিবর্ষণ করা হয়েছে।
দক্ষিণ গাজায় খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসির বির ১৯ এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের গুলিতে ২৩ বছর বয়সী এক ফিলিস্তিনি নারী গুরুতর আহত হয়েছেন। চিকিৎসা সূত্র জানায়, তাঁবুর ভেতরে ঘুমন্ত অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন। পরে তাঁকে নাসের হাসপাতালে নেওয়া হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।
এ ছাড়া খান ইউনিসের পশ্চিমাঞ্চলে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সের আল-ইয়াসিন ভবনের দ্বিতীয় তলায় ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।
হাসপাতালটির পরিচালক জানিয়েছেন, হামলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র ও অস্ত্রোপচার বিভাগ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও হামলাটিকে ‘হত্যা অভিযান’ হিসেবে বর্ণনা করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে চিকিৎসাকর্মী, রোগী এবং তাদের স্বজন রয়েছেন। নিহতদের একজন চিকিৎসক রিজক আবু শাইরা।
হাসপাতালে হামলার নিন্দা জানিয়ে মন্ত্রণালয় বলেছে, এটি স্বাস্থ্যব্যবস্থার ওপর গুরুতর আঘাত এবং চিকিৎসাকেন্দ্রের সুরক্ষা নিশ্চিতকারী আন্তর্জাতিক আইন ও সনদের সুস্পষ্ট লঙ্ঘন।
ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাসের মধ্যে ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ধারাবাহিকতার মধ্যেই এসব হামলার ঘটনা ঘটল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ১ হাজার ৬২২ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৮৭৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবারের হতাহতের সংখ্যা এ হিসাবের অন্তর্ভুক্ত নয়।
২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু।
দীর্ঘ এই যুদ্ধে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, উপত্যকাটি পুনর্গঠনে ব্যয় হতে পারে ৭১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার।

