logo

হুতির হামলার প্রভাবে সৌদিতে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল একাধিক আন্তর্জাতিক এয়ারলাইনস

হুতির হামলার প্রভাবে সৌদিতে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল একাধিক আন্তর্জাতিক এয়ারলাইনস
রিয়াদ বিমানবন্দর। ছবি: রয়টার্স

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে সৌদি আরবের বিমান চলাচলে বিঘ্ন অব্যাহত রয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতি বিবেচনায় সৌদি আরবে ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ আরও বাড়িয়েছে একাধিক আন্তর্জাতিক এয়ারলাইনস।

ভারতের বিমান সংস্থা আকাসা এয়ার বৃহস্পতিবার (১২ নভেম্বর) জানিয়েছে, রিয়াদ ও জেদ্দাগামী এবং সেখান থেকে ছেড়ে আসা সব ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। চলমান নিরাপত্তা উদ্বেগের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ভারতের আরেক বিমান সংস্থা ইন্ডিগোও রিয়াদ ও দাম্মামে তাদের ফ্লাইট চলাচল ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে। এ ছাড়া জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট ২১ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে।

এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস রিয়াদ, জেদ্দা এবং দাম্মামে তাদের ফ্লাইট আগামী ১৪ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে।

ইউরোপের কয়েকটি বিমান সংস্থাও ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়েছে। নেদারল্যান্ডসের কেএলএম রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ২৭ নভেম্বর পর্যন্ত বাতিল করেছে। অন্যদিকে, ব্রিটিশ এয়ারওয়েজ লন্ডন-রিয়াদ রুটে ফ্লাইট পুনরায় চালুর সময় পিছিয়ে ২০২৭ সালের ১১ জানুয়ারি নির্ধারণ করেছে।

মধ্যপ্রাচ্যের বিমান সংস্থাগুলোর মধ্যেও একই ধরনের সিদ্ধান্ত দেখা গেছে। সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ১৯ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে। ওমানের সালামএয়ার একই দুই গন্তব্যে ফ্লাইট চলাচল ৩০ নভেম্বর পর্যন্ত বাতিল করেছে।

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, জ্বালানি স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হুতিদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে।

নিরাপত্তা পরিস্থিতির কারণে একের পর এক আন্তর্জাতিক বিমান সংস্থা ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ানোয় সৌদি আরবের সঙ্গে আন্তর্জাতিক আকাশপথে যোগাযোগ আরও বিঘ্নিত হচ্ছে।