স্বাস্থ্য খাতের উন্নয়নে চিকিৎসকদের আস্থার সংকট দূর করতে হবে: শেখ রবিউল আলম

সড়ক ও জনপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে চিকিৎসকদের আস্থার সংকট দূর করতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) ধানমন্ডি সোসাইটির উদ্যোগে ধানমন্ডি ক্লাব মাঠে আয়োজিত ডায়াবেটিস ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সুস্বাস্থ্য রক্ষায় খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, শারীরিক সক্রিয়তা এবং মানসিক স্বস্তি অত্যন্ত জরুরি। ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতা অনেকটাই হরমোনের ভারসাম্যহীনতার কারণে হয়ে থাকে উল্লেখ করে তিনি সুষম খাবার ও জীবনযাত্রায় পরিবর্তন আনার ওপর জোর দেন।
চিকিৎসাসেবা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডাক্তাররা সমাজের বিশেষ সন্তান এবং তাদের পেশা কেবল অর্থবিত্তের নয়, বরং রাষ্ট্রের প্রতি এক বিশেষ দায়িত্ব।
চিকিৎসকদের প্রতি রোগীদের আস্থার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, উন্নত বিশ্বের মতো ধাপে ধাপে চিকিৎসা নেওয়ার সংস্কৃতি গড়ে না ওঠায় এবং অনেক সময় চিকিৎসকদের পর্যাপ্ত সময় দেওয়ার সুযোগ না থাকায় রোগীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়। অথচ দেশের চিকিৎসকদের মেধা ও দক্ষতা বাইরের দেশের তুলনায় কোনো অংশে কম নয়, বরং অনেক ক্ষেত্রে তারা অনেক ভালো সেবা দিচ্ছেন।
অনুষ্ঠানে সাধারণ মানুষ ও চিকিৎসকদের পারস্পরিক সম্পর্কের উন্নয়ন এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মন্ত্রী।

