logo

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
শামছুর রহমান টিপু ও শিহাবুর রহমান শিহাব। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই শামছুর রহমান টিপুকে (৬২) তার ছেলেসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেইট এলাকার মৌলভী আমিন উল্যাহ খাঁনের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন, ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে শামছুর রহমান টিপু। তিনি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক টিপুর ছেলে শিহাবুর রহমান শিহাব (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শামছুর রহমান টিপু ও তার ছেলে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ বাড়িটিতে অভিযান চালায়। পরে সেখান থেকে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেপ্তার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।