logo

জীবিকার সন্ধানে মালদ্বীপ, কর্মস্থলেই প্রাণ গেল ফেনীর যুবকের

জীবিকার সন্ধানে মালদ্বীপ, কর্মস্থলেই প্রাণ গেল ফেনীর যুবকের
আবদুল্লাহ আল মামুন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে মাত্র আড়াই মাস আগে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন ফেনীর আবদুল্লাহ আল মামুন (৩৬)। কিন্তু প্রবাসজীবনের শুরুতেই থেমে গেল তার জীবন। কর্মস্থলে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবরে ফেনীর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

বুধবার (১১ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবদুল্লাহ আল মামুন ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চর হুজুরী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মকছুদের রহমান। তিনি আবদুল্লাহ আল রাইয়ান নামের এক সন্তানের জনক।

মামুনের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। মাত্র আড়াই মাস আগে অনেক স্বপ্ন নিয়ে বিদেশে যাওয়া পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা শাহেদা বেগম। স্ত্রীও শোকে কাতর হয়ে পড়েছেন। খবর পেয়ে স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে ভিড় করছেন।

মামুনের ভাই সাখাওয়াত হোসেন এশিয়া পোস্টকে জানান, তিন ভাই-বোনের মধ্যে মামুন ছিলেন সবার ছোট। তিনি মালদ্বীপের ধীগুরা দ্বীপের একটি রেস্তোরাঁয় কিচেন হেলপার হিসেবে কাজ করতেন। গত ১১ নভেম্বর রাতে কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন তিনি। বিকেলের দিকে কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান মামুন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের ধারণা, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

সাখাওয়াত হোসেন আরও জানান, বর্তমানে মামুনের মরদেহ মালদ্বীপের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ হাইকমিশনে আবেদন করা হয়েছে। তিনি বলেন, আমার ভাইয়ের মরদেহ যাতে দ্রুত দেশে ফিরিয়ে আনা যায়, সে জন্য বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

স্থানীয় বাসিন্দা নুর হোসেন খান এশিয়া পোস্টকে বলেন, মামুন আমাদের এলাকার ছেলে। সে নম্র, ভদ্র ও শান্তশিষ্ট স্বভাবের ছিল। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা এশিয়া পোস্টকে বলেন, ‘যকোনো মৃত্যুই কষ্টের। মরদেহ দ্রুত দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশ হাইকমিশন কাজ করে থাকে। আশা করছি, মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। আর অসহায় পরিবারটিকে সহযোগিতা করার মতো কোনো তহবিল আমাদের নেই।