ফেনী পৌরসভাকে সিটি করপোরেশন করার দাবি স্থানীয়দের

জনসংখ্যা বাড়ছে, বিস্তৃত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও নগরায়ণ। শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগব্যবস্থায়ও গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে ফেনী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত এ শহরে প্রতিদিন আসছেন আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলার হাজারো মানুষ। অথচ প্রায় পাঁচ লাখ মানুষের বসবাসের এ শহরের নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নের দায়িত্ব এখনো পৌরসভার। সীমিত বাজেট ও জনবল দিয়ে ক্রমবর্ধমান নগরায়ণের চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে ফেনী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ফেনীবাসীর মতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝামাঝি অবস্থানের কারণে ফেনী এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষ ব্যবসা, চিকিৎসা ও শিক্ষার প্রয়োজনে এ শহরে আসেন। শহরে গড়ে উঠেছে বড় বড় বিপণিবিতান, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান ও শিল্পকারখানা। কিন্তু পৌরসভার সীমিত বাজেট ও জনবল দিয়ে এত বড় শহরের নাগরিক চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়েছে।
পৌরসভা সূত্রে জানা যায়, কবি নবীনচন্দ্র সেনের ঐকান্তিক প্রচেষ্টায় ১৮৭৫ সালে ফেনী মহকুমা হিসেবে গড়ে ওঠে। তিনি ফেনীকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সে সময় ফেনী শহর ছিল অপরিচ্ছন্ন ও কৃষিনির্ভর জনপদ। নবীনচন্দ্র সেনের উদ্যোগে শহরের উন্নয়ন কার্যক্রম শুরু হয়। এ কারণে তাকে ফেনীর স্থপতি হিসেবেও অভিহিত করা হয়।
তার উদ্যোগেই ফেনী বড় বাজার গড়ে ওঠে। রাজাঝির দিঘি পরিষ্কার করে এর চারপাশে রাস্তা নির্মাণ করা হয়। ফেনীর অলিকূল শিরোমণি পাগলা মিয়ার তাকিয়াও তাঁর উদ্যোগে তৈরি হয়। এ ছাড়া ফেনীতে পঞ্চায়েত প্রথার প্রচলন করেন নবীনচন্দ্র সেন।
এর ধারাবাহিকতায় ১৯৫৮ সালে ফেনীতে ‘টাউন কমিটি’ গঠন করা হয়। পরবর্তী সময়ে এই টাউন কমিটিই ফেনী পৌরসভায় রূপ নেয়। ১৯৫৮ সালের ১০ মার্চ ফেনী পৌরসভা গঠিত হয়। ‘ক’ শ্রেণিভুক্ত এ পৌরসভার আয়তন ২৭ দশমিক ২০ বর্গকিলোমিটার। বর্তমানে পৌরসভায় ১৮টি ওয়ার্ড রয়েছে। জনসংখ্যা প্রায় পাঁচ লাখের বেশি। আরও ৯টি ওয়ার্ড বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সে ক্ষেত্রে কালিদহ, পাঁচগাছিয়া ও কাজিরবাগ ইউনিয়নের আংশিক এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত হতে পারে।
ফেনী শহরের বাণিজ্যিক গুরুত্বের কারণে বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর কুমিল্লা, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকার মানুষ প্রতিদিন এখানে আসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযুক্ত থাকায় রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্র হিসেবেও পরিচিত ফেনী।
এ বিষয়ে গত ৯ নভেম্বর জাতীয় সংসদের অধিবেশনে ফেনী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে কি না, তা জানতে চান ফেনী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে এ বিষয়ে জানতে চান।
এ সময় সংসদ সদস্য বলেন, ফেনী পৌরসভা বাংলাদেশের প্রাচীনতম পৌরসভাগুলোর একটি। এ শহরে জনঘনত্ব বিবেচনায় নাগরিক সুবিধা অত্যন্ত অপ্রতুল। এ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হলে নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে এবং সবকিছু সহজ হবে।
জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ফেনী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার জন্য আমাদের মন্ত্রণালয়ে কোনো কার্যক্রম চালু নেই। সংসদ সদস্য এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে আধা সরকারি পত্র (ডিও লেটার) দিলে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
স্থানীয় বাসিন্দাদের মতে, পৌরসভা হওয়ায় ফেনী উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। সিটি করপোরেশন হলে সরকারের কাছ থেকে বড় অঙ্কের বরাদ্দ পাওয়ার সুযোগ তৈরি হবে। এতে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, সড়কবাতি, পার্ক ও খেলার মাঠসহ নাগরিক সুবিধার উন্নয়ন ঘটবে।
বর্তমানে ফেনী শহরের প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে জলাবদ্ধতা, যানজট, ফুটপাত দখল, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা এবং অপরিকল্পিত ভবন নির্মাণ। স্থানীয়দের দাবি, এসব সমস্যা সমাধানে পৌরসভার পর্যাপ্ত অর্থ ও প্রশাসনিক সক্ষমতা নেই। সিটি করপোরেশন হলে মেয়রের নেতৃত্বে আরও শক্তিশালী প্রশাসনিক কাঠামো গড়ে উঠবে। এর মাধ্যমে নগরের সমস্যাগুলোর স্থায়ী সমাধান সম্ভব হবে বলে মনে করেন তারা।
এ বিষয়ে ফেনী শহরের পুরোনো ব্যবসাপ্রতিষ্ঠান সিফাত স্টোরের কর্ণধার আলহাজ যোবায়ের আহম্মদ এশিয়া পোস্টকে বলেন, ফেনী একটি পুরোনো জেলা। ফেনী থেকে সরকার প্রতিবছর শত শত কোটি টাকা রাজস্ব পায়, কিন্তু ফেনীর উন্নয়নে তার ছিটেফোঁটাও ফেরত আসে না। সিটি করপোরেশন হলে ফেনীর সম্মান বাড়বে। এখন সময় এসেছে ফেনীকে সিটি করপোরেশন ঘোষণা করার।
সচেতন মহলের মতে, সিটি করপোরেশন হওয়ার জন্য প্রয়োজনীয় জনসংখ্যা, আয়তন, আয় ও অবকাঠামোগত সক্ষমতা ফেনীর রয়েছে। পৌরসভার আয়তন ও জনসংখ্যা দেশের অনেক সিটি করপোরেশনের সঙ্গে তুলনীয়। জেলা শহর হিসেবে ছাগলনাইয়া, দাগনভূঞা, সোনাগাজী, পরশুরাম ও ফুলগাজী উপজেলার মানুষেরও অন্যতম কেন্দ্র ফেনী। ভৌগোলিক অবস্থানের কারণেও শহরটির গুরুত্ব অনেক। ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী-খাগড়াছড়ি সড়কপথের সংযোগস্থল হওয়ায় ফেনীকে ‘গেটওয়ে সিটি’ বলেও অভিহিত করেন অনেকে।
ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়া উদ্দিন আহমেদ মিষ্টার এশিয়া পোস্টকে বলেন, ফেনীকে সিটি করপোরেশন করা হলে শুধু ফেনী শহর নয়, পুরো জেলার উন্নয়ন ত্বরান্বিত হবে। বাড়বে কর্মসংস্থান, বাড়বে বিনিয়োগ। ফেনী হয়ে উঠবে দেশের অন্যতম আধুনিক ও পরিকল্পিত শহর। তাই সময় এসেছে ফেনীকে সিটি ঘোষণা করার।
ফেনী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া এশিয়া পোস্টকে বলেন, ফেনী একটি পুরোনো জেলা শহর। এটি বেগম খালেদা জিয়ার স্মৃতিধন্য শহর। তাই সরকারের কাছে ফেনীকে সিটি করপোরেশন ঘোষণার দাবি জানাচ্ছি।
ফেনী সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির এশিয়া পোস্টকে বলেন, ফেনী বেগম খালেদা জিয়ার এলাকা হিসেবে দেশের মানুষ জানে। এ কারণে বিগত স্বৈরাচারী সরকার বেগম জিয়ার জেলা হওয়ার কারণে ফেনীকে উন্নয়নের নানা সূচক থেকে বঞ্চিত করেছে। তাই বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাব, যাতে দ্রুত ফেনী পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করা হয়। এটি আমাদের জনদাবি।
ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল এশিয়া পোস্টকে বলেন, ফেনী দেশের অন্যতম বৃহৎ নগরী। ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ এ জেলা দীর্ঘ সময় অবহেলিত ছিল। তাই বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, যাতে দ্রুত ফেনীকে সিটি ঘোষণা করা হয়। ফেনী এখন আর পৌরসভা নয়, ফেনী সিটি করপোরেশন চাই। এটা আমাদের অধিকার, দয়া নয়।

