প্রধানমন্ত্রীর সফর ফলপ্রসূ হয়েছে: রিজভী

তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান, উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরার মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
এর আগে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে কপ-৩১ এ অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরলে তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান রিজভী।
আজ ভোর ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ ছাড়াও বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
পরে ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজনীয়তা ও করণীয় কপ৩১ সম্মেলনের মাধ্যমে বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
বিশ্ব উষ্ণায়নের ঝুঁকি কমাতে সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন বলে জানান তিনি। এর মধ্যে রয়েছে জলবায়ু অর্থায়ন, ঋণ, অনুদান, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন।
প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরে রিজভী বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে এ কর্মসূচির আওতায় সাত-আট মাসে প্রায় তিন থেকে চার কোটি গাছ লাগানো হয়েছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, স্কুল ও কলেজ এ কার্যক্রমে অংশ নিয়েছে।
তিনি বলেন, বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি এবং এর ফলে সৃষ্ট প্রাণহানির ঘটনা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরছে। ইউরোপের বিভিন্ন দেশেও এ বছর তীব্র তাপপ্রবাহে মানুষের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা জরুরি।
রিজভী আরও বলেন, ‘জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদার করতে সম্মেলনে প্রধানমন্ত্রীর তুলে ধরা প্রস্তাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব প্রস্তাব বাস্তবায়িত হলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলো উপকৃত হবে।’


