logo

ঐতিহাসিক পাগলা মসজিদে কারা দান করেন, ব্যয় হয় কোন খাতে

ঐতিহাসিক পাগলা মসজিদে কারা দান করেন, ব্যয় হয় কোন খাতে
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। ছবি: এশিয়া পোস্ট

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ব্যাংক হিসাবে বর্তমানে জমা রয়েছে ১৩১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা। এ ছাড়া রয়েছে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭ দেশের বিপুল বৈদেশিক মুদ্রা। প্রতিবার দানবাক্স খোলার পর কোটি কোটি টাকা ও মূল্যবান সামগ্রী পাওয়ায় মসজিদটি নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে।

গত ১২ অক্টোবর দীর্ঘ ছয় বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার হিসাব করা হয়। দিনভর পরিমাপ ও গণনা শেষে এসব তথ্য জানান দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ। তিনি বলেন, স্বর্ণ ও রুপার বাজারমূল্য নির্ধারণের পর নিলামের মাধ্যমে অলংকারগুলো বিক্রি করা হবে। আর বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় হার অনুযায়ী বৈদেশিক মুদ্রা নগদায়ন করা হবে।

এর আগে ২০২০ সালের ১১ মার্চ পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া ৪২০ ভরি স্বর্ণালংকার ও ১৮৮ ভরি রুপার অলংকার নিলামে বিক্রি করা হয়েছিল। সেগুলো বিক্রি করে পাওয়া যায় ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ১১০ টাকা। এ ছাড়া দানবাক্সে পাওয়া বৈদেশিক মুদ্রা বিক্রি করে তখন ৭০ লাখ টাকা পাওয়া যায়।

পাগলা মসজিদের দানবাক্স সাধারণত তিন মাস পরপর খোলা হয়। প্রতিবারই পাওয়া যায় বিপুল অর্থ, ভেঙে যায় আগের রেকর্ড। সর্বশেষ ২০২৬ সালের ২৭ জুন দানবাক্স খুলে পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এটি ছিল মসজিদটির দানবাক্সে পাওয়া সর্বোচ্চ অর্থের নতুন রেকর্ড। প্রায় ছয় মাস পর সেদিন দানবাক্সগুলো খোলা হয়েছিল।

এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দানবাক্স খুলে পাওয়া যায় ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। একই বছরের ১২ এপ্রিল পাওয়া যায় ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা।

২০২২, ২০২৩ ও ২০২৪ সালে পাগলা মসজিদের দানবাক্স মোট ১১ বার খোলা হয়েছিল। এসব দানবাক্স থেকে পাওয়া যায় ৫৬ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৬৬০ টাকা। এ সময় নগদ অর্থের পাশাপাশি বিপুল বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া যায়।

২০২৪ সালের ৩০ নভেম্বর দানবাক্স খুলে পাওয়া যায় ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা। ওই বছরের ১৭ আগস্ট পাওয়া যায় ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা এবং ২০ এপ্রিল পাওয়া যায় ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা। ওই বছর তিন দফায় মোট ২৩ কোটি ২২ লাখ ১৪ হাজার ৮৮৭ টাকা পাওয়া যায়।

২০২৩ সালে চার দফায় দানবাক্স খুলে মোট ২১ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার ১৮১ টাকা পাওয়া যায়। ওই বছরের ৭ জানুয়ারি ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা, ৬ মে ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা, ১৯ আগস্ট ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা এবং ৯ ডিসেম্বর ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা পাওয়া যায়।

২০২২ সালে তিন দফায় দানবাক্স খুলে পাওয়া যায় মোট ১১ কোটি ২৮ লাখ ৫২ হাজার ৫৯২ টাকা। ওই বছরের ১২ মার্চ পাওয়া যায় ৩ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ২৯৫ টাকা, ২ জুলাই ৩ কোটি ৬০ লাখ ২৮ হাজার ৪১৫ টাকা এবং ১ অক্টোবর ৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা।

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া সোনা ও রুপার অলংকার। ছবি: এশিয়া পোস্ট
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া সোনা ও রুপার অলংকার। ছবি: এশিয়া পোস্ট

পাগলা মসজিদে বিপুল দান পাওয়ার বিষয়টি আলোচনায় আসে ২০১৫ সালের শুরুর দিকে। সে সময় মসজিদের আটটি দানবাক্স খুলে প্রায় ৬৫ লাখ টাকা ও স্বর্ণালংকার পাওয়া যায়। এরপর থেকে ছয় মাস পরপর দানবাক্স খোলার প্রচলন শুরু হয়। ২০১৬ সালের শেষ দিকে প্রথমবারের মতো দানবাক্সে এক কোটি টাকার বেশি অর্থ পাওয়া যায়। সে সময় সর্বোচ্চ প্রায় ১ কোটি ১০ লাখ টাকার বেশি জমা পড়েছিল। এরপর বছর গড়ানোর সঙ্গে সঙ্গে দানের পরিমাণ বাড়তে থাকে। বর্তমানে পাগলা মসজিদে রয়েছে ১৩টি দানবাক্স।

পাগলা মসজিদের দানবাক্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ দান করেন। শুধু মুসলমান নন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীরাও এখানে দান করেন বলে জানিয়েছেন মসজিদের দীর্ঘদিনের নৈশপ্রহরী মো. মকবুল হোসেন।

প্রায় ৩০ বছর ধরে মসজিদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন মকবুল হোসেন। তার ভাষ্য অনুযায়ী, আগে আশপাশের এলাকার মানুষই মূলত মসজিদে দান করতেন। এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে অর্থ ও মূল্যবান সামগ্রী দান করেন। বিদেশিরাও মসজিদ পরিদর্শনে এসে দানবাক্সে বৈদেশিক মুদ্রা দেন।

মকবুল হোসেন বলেন, দিনের বেলায় যেমন অনেকে দান করতে আসেন, তেমনি গভীর রাতেও অনেকে গাড়ি নিয়ে এসে দানবাক্সে অর্থ জমা দেন।

তিনি জানান, টাকা-পয়সা ও বৈদেশিক মুদ্রার পাশাপাশি মানুষ স্বর্ণালংকার, হাঁস-মুরগি, গরু-ছাগলসহ বিভিন্ন সামগ্রীও দান করেন।

দানের অর্থ ব্যয় হয় যেসব খাতে

পাগলা মসজিদের দানের অর্থ ধর্মীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষা, মানবিক সহায়তা ও অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করা হয় বলে জানিয়েছে মসজিদ পরিচালনা কমিটি।

মসজিদ পরিচালনা কমিটির সদস্যসচিব ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ জানান, মসজিদের বিদ্যুৎ বিল, পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ এবং মসজিদ ও মাদ্রাসার কর্মকর্তা-কর্মচারীদের বেতনসহ দৈনন্দিন পরিচালন ব্যয় দানের অর্থ থেকে মেটানো হয়।

মসজিদ কমপ্লেক্সের নূরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় শতাধিক এতিম ও অসচ্ছল শিক্ষার্থীর বিনা মূল্যে পড়াশোনা ও ভরণপোষণের ব্যবস্থা রয়েছে। তাদের শিক্ষা ও জীবনযাপনের প্রয়োজনীয় ব্যয়ও দানের অর্থ থেকে বহন করা হয়। এ ছাড়া মসজিদ ও মাদ্রাসায় কর্মরত ৩৬ জন কর্মীর বেতন দেওয়া হয় এই তহবিল থেকে।

কিশোরগঞ্জের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায়ও আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি দরিদ্র শিক্ষার্থী, অসহায় ব্যক্তি ও বিভিন্ন সমাজকল্যাণমূলক উদ্যোগে অর্থ ব্যয় করা হয়।

তবে আপাতত পাগলা মসজিদের তহবিল থেকে বিভিন্ন মসজিদে আর্থিক অনুদান দেওয়া বন্ধ রয়েছে বলে জানান কামরুল হাসান মারুফ। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, মসজিদের দানের অর্থ ব্যাংকে জমা রাখা হয়, যেখান থেকে সুদ আসে। ফতোয়া অনুযায়ী, সুদের অর্থ মসজিদের কাজে ব্যয় করার সুযোগ না থাকায় বিভিন্ন মসজিদে অনুদান দেওয়ার কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রম চালু রয়েছে।

সিন্দুকে পাওয়া টাকা গুনছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি: এশিয়া পোস্ট
সিন্দুকে পাওয়া টাকা গুনছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি: এশিয়া পোস্ট

দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের সুযোগ-সুবিধা বাড়াতে পাগলা মসজিদ প্রাঙ্গণে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজ চলছে। কামরুল হাসান মারুফ জানান, এর মধ্যে রয়েছে তিনটি নতুন নামাজের শেড, বড় পরিসরের অজুখানা এবং নারীদের জন্য পৃথক ওয়াশব্লক নির্মাণ।

এসব কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৪৬৪ টাকা। গত ২৭ সেপ্টেম্বর এ কাজের কার্যাদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বহিরাগত মুসল্লিদের জন্য পাবলিক টয়লেট নির্মাণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।

পরিকল্পনায় বিশ্বমানের ইসলামি কমপ্লেক্স

পাগলা মসজিদকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন, বহুতল ও দৃষ্টিনন্দন ইসলামি কমপ্লেক্সে রূপ দেওয়ার পরিকল্পনাও এগিয়ে চলছে। মসজিদ পরিচালনা কমিটি জানিয়েছে, এ প্রকল্পের চূড়ান্ত নকশা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে বৃহৎ এ প্রকল্প বাস্তবায়নের জন্য দানের অর্থের একটি অংশ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মসজিদ পরিচালনা কমিটির সদস্যসচিব ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ জানান, পাগলা মসজিদের পাঁচ একর জায়গায় ১১৫ কোটি টাকা ব্যয়ে ছয়তলাবিশিষ্ট একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ইসলামি কমপ্লেক্স নির্মাণ করা হবে।

এতে একসঙ্গে হাজারো মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা, নারীদের জন্য পৃথক নামাজের স্থান, গাড়ি পার্কিং, একাডেমিক ভবন, অতিথিশালা, মাদ্রাসা ও গ্রন্থাগার থাকবে। পাশাপাশি থাকবে উন্নত সাউন্ড সিস্টেম, ১২০ ফুট উচ্চতার আলোকসজ্জিত মিনার ও স্বয়ংক্রিয় আলোর ব্যবস্থা।

পরিকল্পনা অনুযায়ী, মসজিদের ভবন ও প্রাঙ্গণ মিলিয়ে বিশেষ দিনে প্রায় ৪০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন বলেও জানান তিনি।

আসিফ আল আজাদ

সম্পাদনা

আসিফ আল আজাদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট