logo

মানবসভ্যতার ইতিহাস বদলেছে যেসব প্রাণী

মানবসভ্যতার ইতিহাস বদলেছে যেসব প্রাণী
লিংকডইনে ছবিটি শেয়ার করেছেন হাতিম খান।

মানবসভ্যতার বিকাশের সঙ্গে প্রাণীদের সম্পর্ক বহু পুরোনো। প্রাচীনকাল থেকেই মানুষ কখনো খাবারের জন্য, কখনো যাতায়াতের জন্য, আবার কখনো কৃষিকাজ ও নিরাপত্তার প্রয়োজনে বিভিন্ন প্রাণীর ওপর নির্ভর করেছে।

সময়ের সঙ্গে এই সম্পর্ক আরও গভীর হয়েছে। কিছু প্রাণী মানুষের জীবনযাত্রা বদলে দিয়েছে, আবার কিছু প্রাণীর কারণে বদলেছে যুদ্ধের কৌশল, অর্থনীতি, যোগাযোগব্যবস্থা ও সমাজের ইতিহাস।

মানুষের ইতিহাসে প্রাণীদের অবদান শুধু পোষা প্রাণী বা গৃহপালিত পশুর মধ্যেই সীমাবদ্ধ না। ঘোড়া, কুকুর, উট, গরু, হাতি থেকে শুরু করে মৌমাছি পর্যন্ত বিভিন্ন প্রাণী সভ্যতার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

চলুন জেনে নিই এমন কিছু প্রাণী সম্পর্কে যারা বদলে দিয়েছে মানবসভ্যতার ইতিহাস।

কুকুর: মানুষের প্রাচীনতম বিশ্বস্ত সঙ্গী

মানুষের সঙ্গে কুকুরের সম্পর্ক হাজার হাজার বছরের পুরোনো। ধারণা করা হয়, কুকুরই মানুষের প্রথম গৃহপালিত প্রাণী। বিজ্ঞান ও ইতিহাস বলে, বন্য নেকড়ে থেকে ধীরে ধীরে কুকুরের উৎপত্তি হয়েছে।

প্রাচীনকালে মানুষ শিকারের সময় কুকুরকে সঙ্গে রাখত। কুকুর শিকার খুঁজে বের করা, বিপদের সংকেত দেওয়া ও ঘরবাড়ি পাহারা দেওয়ার কাজে সাহায্য করত।

ছবি: হাউসলি
ছবি: হাউসলি

সময়ের সঙ্গে কুকুর শুধু কাজের সঙ্গী না, মানুষের পরিবারেরও অংশ হয়ে ওঠে। বর্তমানে উদ্ধারকাজ, নিরাপত্তা, অপরাধ তদন্ত ও বিভিন্ন চিকিৎসাসেবায়ও কুকুরের ভূমিকা আছে।

ঘোড়া: যাতায়াত ও যুদ্ধের ইতিহাসে বড় পরিবর্তন

মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণীদের একটি ঘোড়া। ঘোড়াকে পোষ মানানোর পর মানুষের দূরপাল্লার যাতায়াত অনেক সহজ হয়ে যায়। আগে যে পথ পাড়ি দিতে দীর্ঘ সময় লাগত, ঘোড়ার সাহায্যে তা তুলনামূলক কম সময়ে সম্ভব হয়।

ছবি: ন্যাশনাল আর্মি মিউজিয়াম
ছবি: ন্যাশনাল আর্মি মিউজিয়াম

প্রাচীন ও মধ্যযুগে যুদ্ধের ময়দানেও ঘোড়ার ব্যবহার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘোড়ায় চড়ে সৈন্যরা দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারত। সামরিক অভিযান, রাজ্য বিস্তার এবং বাণিজ্যের প্রসারেও ঘোড়া বড় ভূমিকা রেখেছে।

গরু: কৃষি ও খাদ্যব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ

মানুষ যখন শিকার ও খাবার সংগ্রহের জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাস এবং কৃষিকাজ শুরু করে, তখন গৃহপালিত পশুর গুরুত্ব বাড়তে থাকে। এই পরিবর্তনে গরুর অবদান উল্লেখযোগ্য।

ছবি: ইউরোপিয়ান লাইভস্টক ভয়েস
ছবি: ইউরোপিয়ান লাইভস্টক ভয়েস

প্রাচীন কৃষকেরা জমি চাষ, মালামাল পরিবহন ও বিভিন্ন কৃষিকাজে গরু ও বলদ ব্যবহার করতেন। পাশাপাশি গরু থেকে দুধ, মাংস ও চামড়া পাওয়া যেত। গরুর গোবর জমির সার হিসেবেও ব্যবহৃত হতো।

কৃষিকাজে পশুশক্তির ব্যবহার খাদ্য উৎপাদন বাড়াতে এবং বড় বসতি গড়ে তুলতে সাহায্য করেছে।

উট: মরুভূমিতে বাণিজ্যের পথ তৈরি করেছে

মরুভূমির কঠিন পরিবেশে মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন সহজ করতে উট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দীর্ঘ সময় পানি ছাড়া চলতে পারার বিশেষ সক্ষমতার কারণে উটকে মরুভূমির জাহাজ বলা হয়।

ছবি: ব্রিটানিকা
ছবি: ব্রিটানিকা

বিশেষ করে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বাণিজ্যে উটের ব্যবহার ছিল গুরুত্বপূর্ণ। উটের পিঠে করে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে লবণ, কাপড়, মসলা ও অন্যান্য পণ্য পরিবহন করা হতো। এর ফলে দূরবর্তী অঞ্চলের মানুষের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ বাড়ে।

হাতি: যুদ্ধ ও নির্মাণকাজে শক্তিশালী সহযোগী

এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে হাতি দীর্ঘদিন ধরে মানুষের কাজে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাসে হাতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ছবি: দ্য ওয়ার্ল্ড ফ্রম পিআরএক্স
ছবি: দ্য ওয়ার্ল্ড ফ্রম পিআরএক্স

প্রাচীনকালে যুদ্ধের ময়দানে হাতি ব্যবহার করা হতো। বিশাল আকার ও শক্তির কারণে যুদ্ধক্ষেত্রে হাতি প্রতিপক্ষের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠত। রাজা ও শাসকেরাও হাতিকে ক্ষমতা ও আভিজাত্যের প্রতীক হিসেবে দেখতেন।

এ ছাড়া বন থেকে কাঠ সরানো, ভারী মালামাল বহন এবং নির্মাণকাজেও হাতি ব্যবহৃত হয়েছে।

মৌমাছি: কৃষি ও খাদ্য উৎপাদনে নীরব অবদান

মৌমাছিকে অনেক সময় শুধু মধু উৎপাদনকারী পোকা হিসেবে দেখা হয়। কিন্তু মানুষের খাদ্যব্যবস্থায় এর ভূমিকা আরও বড়। বিভিন্ন ফুলের পরাগ এক ফুল থেকে অন্য ফুলে পৌঁছে দেওয়ার মাধ্যমে মৌমাছি পরাগায়নে সাহায্য করে।

ছবি: টারমিনিক্স
ছবি: টারমিনিক্স

অনেক ফল, সবজি ও অন্যান্য ফসলের উৎপাদন পরাগায়নের ওপর নির্ভরশীল। মৌমাছির এই কাজ কৃষি উৎপাদন ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ। ফলে মানুষের খাদ্য নিরাপত্তার সঙ্গেও এই ছোট প্রাণীটির সম্পর্ক আছে।

ইঁদুর: রোগ ছড়িয়ে ইতিহাসে রেখেছে ভয়াবহ প্রভাব

মানুষের ইতিহাসে সব প্রাণীর অবদান ইতিবাচক না। কিছু প্রাণী ভয়াবহ রোগ ছড়িয়ে জনজীবন ও সমাজব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে। ইঁদুর তার অন্যতম উদাহরণ।

ছবি: দ্য ওয়াইল্ডলাইফ সোসাইটি
ছবি: দ্য ওয়াইল্ডলাইফ সোসাইটি

চতুর্দশ শতকে ইউরোপে ছড়িয়ে পড়া ব্ল্যাক ডেথ বা প্লেগ মহামারিতে বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে এই রোগ ছড়ানোর ক্ষেত্রে ইঁদুরের গায়ে থাকা সংক্রমিত মাছিকে গুরুত্বপূর্ণ বাহক হিসেবে বিবেচনা করা হয়েছে।

এই মহামারি ইউরোপের জনসংখ্যা, অর্থনীতি, শ্রমব্যবস্থা ও সামাজিক কাঠামোয় বড় পরিবর্তন আনে। তবে গবেষণায় দেখা গেছে, ব্ল্যাক ডেথের বিস্তারে মানুষের শরীরের উকুন ও মাছিরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। তাই রোগটির বিস্তারের জন্য শুধু ইঁদুরকে দায়ী করা ঠিক না।

রেশম পোকা: আন্তর্জাতিক বাণিজ্যের নতুন অধ্যায়

রেশম পোকা দেখতে ছোট হলেও বিশ্ববাণিজ্যের ইতিহাসে এর অবদান অনেক বড়। এই পোকার তৈরি গুটি থেকে পাওয়া সুতা দিয়ে রেশমের কাপড় তৈরি করা হয়।

ছবি: পেটা এশিয়া
ছবি: পেটা এশিয়া

প্রাচীন চীনে রেশম উৎপাদনের কৌশল দীর্ঘদিন গোপন রাখা হয়েছিল। একসময় রেশম অত্যন্ত মূল্যবান বাণিজ্যিক পণ্যে পরিণত হয়। এ পণ্যের চাহিদাকে কেন্দ্র করে এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ বাড়তে থাকে। রেশম বাণিজ্যের পথ ধরেই ইতিহাসে বিখ্যাত সিল্ক রোডের গুরুত্ব বৃদ্ধি পায়।

ছত্রাক: রোগ ও চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে প্রভাব

প্রাণী ছাড়াও একটি ছত্রাক মানব ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। বিভিন্ন ধরনের ছত্রাক মানুষের খাবার, স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত।

এর একটি উদাহরণ হলো এরগট নামের ছত্রাক। এটি বিভিন্ন শস্যে জন্মাতে পারে। এই ছত্রাকে আক্রান্ত শস্য খেলে মানুষের শরীরে বিষক্রিয়া দেখা দিতে পারে। ইতিহাসে এরগট দূষিত খাবার খেয়ে বহু মানুষ অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।

ছবি: সায়েন্টিফিক আমেরিকান
ছবি: সায়েন্টিফিক আমেরিকান

এ ধরনের ঘটনা খাদ্য সংরক্ষণ, শস্য পরীক্ষা এবং খাদ্যনিরাপত্তার গুরুত্ব সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে ভূমিকা রেখেছে।

মানুষের ইতিহাস আসলে প্রাণীদের সঙ্গেও জড়িত

মানবসভ্যতার ইতিহাস শুধু রাজা, শাসক, যুদ্ধ বা আবিষ্কারের গল্প না। এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য প্রাণীর অবদান। কোনো প্রাণী মানুষকে খাদ্য উৎপাদনে সাহায্য করেছে, কোনোটি যোগাযোগ ও বাণিজ্য সহজ করেছে, আবার কোনোটি রোগ ছড়িয়ে বড় বিপর্যয়ের কারণ হয়েছে।

মানুষের জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে প্রাণীদের ভূমিকাও বদলেছে। একসময় যে ঘোড়া ছিল যাতায়াতের প্রধান মাধ্যম, আজ তা অনেক ক্ষেত্রে বিনোদন ও খেলাধুলার অংশ। আবার যে কুকুর একসময় শিকারের সহযোগী ছিল, এখন সেটি মানুষের নিরাপত্তা ও দৈনন্দিন জীবনের সঙ্গী।

তাই মানবসভ্যতার ইতিহাস বুঝতে হলে শুধু মানুষের কর্মকাণ্ড না, প্রাণীদের সঙ্গে মানুষের দীর্ঘ সম্পর্কের ইতিহাসও জানা প্রয়োজন।

তথ্যসূত্র

Ranker: 13 Of The Most Important Animals In The Development Of Human History

AnimalsAroundTheGlobe: 12 Animals That Changed the Course of Human History

History: Animals That Changed Human History