logo

​সুস্থ থাকতে ডায়েটে রাখুন খেজুর, জানুন জাদুকরী গুণাগুণ

​সুস্থ থাকতে ডায়েটে রাখুন খেজুর, জানুন জাদুকরী গুণাগুণ
ছবি: আমিন ফার্মস

খেজুর আমাদের খুব পরিচিত পুষ্টিগুণসমৃদ্ধ একটি ফল। অনেকে ফল হিসেবেই এটি খেতে পছন্দ করেন, আবার অনেকে স্বাস্থ্যকর খাবারে মিষ্টির পরিমাণ বাড়াতে খেজুর ব্যবহার করেন। যেভাবেই খান না কেন, এ থেকে আপনি শরীরের প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদান পেতে পারেন। এতে আছে প্রাকৃতিক চিনি, খাদ্য আঁশ, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, কপার ও বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট।

দ্রুত শক্তি জোগানোর পাশাপাশি হজম ভালো রাখা, কোষ্ঠকাঠিন্য কমানো ও হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখতেও খেজুর ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সকালে খেজুর খাওয়ার অভ্যাস খাদ্যতালিকায় বাড়তি পুষ্টি যোগ করতে পারে। তবে এর উপকার পেতে হলে পরিমাণের দিকে খেয়াল রাখাও জরুরি।

খেজুরে যেসব পুষ্টি উপাদান আছে

খেজুরে শরীরের জন্য প্রয়োজনীয় বেশকিছু পুষ্টি উপাদান পাওয়া যায়। বিশেষ করে শুকনো খেজুরে প্রতি গ্রামে ক্যালরির পরিমাণ তাজা খেজুরের তুলনায় বেশি থাকে।

৪০ গ্রাম খেজুরে আনুমানিক ১১৩ ক্যালরি, ৩০ গ্রাম কার্বোহাইড্রেট, ৩ দশমিক ২ গ্রাম খাদ্য আঁশ আর প্রায় ১ গ্রাম প্রোটিন থাকে। এ ছাড়া এতে আরও আছে-

ছবি: এনডিটিভি
ছবি: এনডিটিভি

  • পটাশিয়াম
  • ম্যাগনেশিয়াম
  • আয়রন
  • কপার
  • ভিটামিন বি৬
  • বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট

তবে খেজুরের জাত ও আকারভেদে পুষ্টির পরিমাণে পার্থক্য হতে পারে।

প্রতিদিন খেজুর খাওয়ার উপকারিতা

দ্রুত শক্তি জোগায়: খেজুরে প্রাকৃতিকভাবে ফ্রুক্টোজ ও গ্লুকোজ থাকে। এই দুই ধরনের চিনি শরীরকে শক্তি জোগাতে সাহায্য করে। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর খেজুর ভালো নাশতা হতে পারে। এতে থাকা প্রাকৃতিক শর্করা দ্রুত শক্তি জোগায়। অন্যদিকে, খাদ্য আঁশের কারণে চিনির শোষণ তুলনামূলক ধীরে হয়। ফলে মিষ্টিজাতীয় প্রক্রিয়াজাত খাবারের বিকল্প হিসেবেও খেজুর খাওয়া যেতে পারে।

হজমশক্তি ভালো রাখতে সাহায্য করে: খেজুরের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো খাদ্য আঁশ। এটি অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। পর্যাপ্ত আঁশযুক্ত খাবার খেলে নিয়মিত মলত্যাগে সুবিধা হয়। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে খেজুর সহায়ক হতে পারে। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন, তাদের খাদ্যতালিকায় পরিমিত খেজুর রাখতে পারেন।

তবে শুধু খেজুর খেলেই কোষ্ঠকাঠিন্য দূর হবে, এমন ধারণা ভুল। পর্যাপ্ত পানি পানের পাশাপাশি অন্যান্য আঁশযুক্ত খাবার খাওয়াও জরুরি।

হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে: খেজুরে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। পটাশিয়াম শরীরে সোডিয়ামের ভারসাম্য বজায় রাখে ও রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। অন্যদিকে, ম্যাগনেশিয়াম স্বাভাবিক হৃদস্পন্দন বজায় রাখতে সাহায্য করে।

ছবি: বিগ অ্যাপল মেডিকেল কেয়ার
ছবি: বিগ অ্যাপল মেডিকেল কেয়ার

এ ছাড়া খেজুরে থাকা ফ্ল্যাভোনয়েড, ক্যারোটিনয়েড ও ফেনোলিক অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষা দিতে পারে। কিছু গবেষণায় খেজুর খাওয়ার সঙ্গে ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল কমার সম্ভাব্য সম্পর্ক পাওয়া গেছে। তবে হৃদরোগ প্রতিরোধ বা চিকিৎসার বিকল্প হিসেবে খেজুরকে বিবেচনা করা যাবে না।

রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে: খেজুর মিষ্টি হলেও এর গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলক কম। বিভিন্ন জাতের খেজুরে এই মাত্রা সাধারণত ৪২ থেকে ৫৫-এর মধ্যে থাকতে পারে।

খেজুরের খাদ্য আঁশ রক্তে গ্লুকোজ শোষণের গতি ধীর করতে সাহায্য করে। তাই পরিমিত পরিমাণে খেলে এটি সাদা চিনি বা অতিরিক্ত প্রক্রিয়াজাত মিষ্টিজাতীয় খাবারের ভালো বিকল্প হতে পারে। তবে খেজুরে প্রাকৃতিক চিনিও আছে। তাই ডায়াবেটিস থাকলে নিজের রক্তে শর্করার মাত্রা পর্যবেক্ষণ করে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত।

রোগ প্রতিরোধক্ষমতা স্বাভাবিক রাখতে সাহায্য করে: খেজুরে থাকা পলিফেনলসহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ফ্রি র‍্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে। খেজুরে সামান্য পরিমাণে সেলেনিয়াম ও অন্যান্য খনিজ উপাদানও আছে। এগুলো শরীরের বিভিন্ন স্বাভাবিক কার্যক্রমে দরকার হয়। এসব পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে সহায়ক হতে পারে।

দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে: খেজুরে থাকা খাদ্য আঁশ হজমের প্রক্রিয়াকে ধীর করে দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি দিতে পারে। ফলে ঘন ঘন ক্ষুধা লাগা বা মিষ্টিজাতীয় খাবার খাওয়ার প্রবণতা কমাতে পারে।

ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে পরিমিত পরিমাণে খেজুর নাশতা হিসেবে খাওয়া যেতে পারে। তবে খেজুরে ক্যালরি ও প্রাকৃতিক চিনি থাকায় দৈনিক ক্যালরি গ্রহণ বেড়ে যেতে পারে।

প্রদাহ ও কোষের ক্ষতি কমাতে ভূমিকা রাখতে পারে: খেজুরে থাকা ফ্ল্যাভোনয়েড, ক্যারোটিনয়েড ও ফেনোলিক অ্যাসিড শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এগুলো শরীরের কোষকে ফ্রি র‍্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করতে ও প্রদাহজনিত প্রক্রিয়া কমাতে ভূমিকা রাখতে পারে।

ছবি: নিউজ মেডিকেল
ছবি: নিউজ মেডিকেল

গর্ভাবস্থায় প্রসবপ্রক্রিয়ায় সহায়ক হতে পারে: গর্ভাবস্থার শেষ দিকে খেজুর খাওয়ার সম্ভাব্য উপকারিতা নিয়েও গবেষণা হয়েছে। হেলথলাইনে উল্লেখ করা ২০২৫ সালের একটি গবেষণায় ১২০ জন গর্ভবতী নারীকে নিয়ে পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, গর্ভাবস্থার শেষ চার সপ্তাহে প্রতিদিন ছয়টি খেজুর খাওয়া নারীদের জরায়ুমুখ সর্বোচ্চ প্রসারণে পৌঁছাতে তুলনামূলক কম সময় লেগেছে। তাদের প্রসবের মোট সময়ও কম ছিল।

তবে এসব গবেষণার প্রমাণ এখনো সীমিত। তাই গর্ভাবস্থায় খেজুর খাওয়াকে স্বাভাবিক প্রসবের নিশ্চয়তা হিসেবে দেখা যাবে না। এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

খেজুর খাওয়ার সবচেয়ে ভালো সময় কখন?

খেজুর খাওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই। দিনের যেকোনো সময়ই এটি খাওয়া যায়।

তবে কয়েকটি সময়ে খেজুর খাওয়া ভালো হতে পারে-

সকালে নাশতার সঙ্গে: দিনের শুরুতে শরীরকে শক্তি জোগাতে পারে। এতে অনেক্ষণ এনার্জি পাওয়া যায়।

সকাল ও দুপুরের মাঝামাঝি সময়ে: বিস্কুট, কেক বা অতিরিক্ত চিনিযুক্ত খাবারের পরিবর্তে হালকা খাবার হিসেবে খেতে পারেন।

ব্যায়ামের আগে: প্রাকৃতিক শর্করা দ্রুত শক্তি জোগাতে পারে।

ছবি: ইউটিউব থেকে নেওয়া
ছবি: ইউটিউব থেকে নেওয়া

ব্যায়ামের পরে: অন্যান্য পুষ্টিকর খাবারের সঙ্গে খেলে শরীরের শক্তি পুনরুদ্ধারে সহায়ক হতে পারে।

কীভাবে খেজুর খেলে বেশি উপকার পাওয়া যায়?

খেজুর সরাসরি খাওয়ার পাশাপাশি বিভিন্ন খাবারের সঙ্গেও খাওয়া যায়। যেমন-

  • কয়েকটি বাদাম বা আখরোটের সঙ্গে খেজুর খেতে পারেন। এতে নাশতায় প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বিও যুক্ত হবে।
  • কলা বা দুধের স্মুদিতে খেজুর মিশিয়ে প্রাকৃতিক মিষ্টি স্বাদ আনা যায়।
  • ওটসের সঙ্গে কুচি করা খেজুর মিশিয়ে খেতে পারেন।
  • খেজুরের বিচি ফেলে বাদাম বা পেস্তা ভরে নাশতা হিসেবে খাওয়া যায়।
  • খেজুর ব্লেন্ড করে পেস্ট তৈরি করে বিভিন্ন খাবারে সাদা চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা যায়।
  • খেজুর, বাদাম, ওটস ও বীজ একসঙ্গে মিশিয়ে ঘরে তৈরি এনার্জি বল বানানো যায়।

প্রতিদিন খেজুর খাওয়ার ক্ষেত্রে সতর্কতা

খেজুর পুষ্টিকর হলেও অতিরিক্ত খাওয়া ঠিক না। বিশেষ করে শুকনো খেজুরে ক্যালরি ও প্রাকৃতিক চিনির পরিমাণ বেশি থাকে। তাই কিছু ক্ষেত্রে খেজুর খাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।

ডায়াবেটিস থাকলে: খেজুরে প্রাকৃতিক চিনি থাকায় অতিরিক্ত খেলে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। পরিমাণ নিয়ন্ত্রণ করে খেতে হবে।

কিডনির সমস্যা থাকলে: খেজুরে পটাশিয়াম আছে। কিডনির কার্যক্ষমতা কমে গেলে শরীর থেকে অতিরিক্ত পটাশিয়াম বের হতে সমস্যা হতে পারে। তাই কিডনি রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেজুর খাওয়া উচিত।

ইরিটেবল বাওয়েল সিনড্রোম থাকলে: খেজুরে থাকা ফ্রুক্টোজ ও খাদ্য আঁশ কিছু মানুষের পেটে গ্যাস, পেট ফাঁপা বা অস্বস্তি তৈরি করতে পারে।

ওজন নিয়ন্ত্রণে রাখলে: খেজুরে ক্যালরি বেশি থাকায় অতিরিক্ত খেলে দৈনিক ক্যালরি গ্রহণ বেড়ে যেতে পারে। তাই পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে।

ছবি: ইন্দোইন্ডিয়ান
ছবি: ইন্দোইন্ডিয়ান

হজমের সমস্যা থাকলে: একসঙ্গে অনেক খেজুর খেলে কারও কারও পেটে অস্বস্তি বা গ্যাস হতে পারে। তাই অল্প পরিমাণে খাওয়া ভালো।

দিনে কয়টি খেজুর খাওয়া উচিত?

প্রাপ্তবয়স্কদের জন্য দিনে দুটি থেকে তিনটি মাঝারি আকারের খেজুর ভালো নাশতা হতে পারে। তবে খেজুরের আকার, জাত, দৈনিক ক্যালরির চাহিদা ও শারীরিক অবস্থার ওপর পরিমাণ নির্ভর করে।

বড় খেজুরে ছোট জাতের তুলনায় ক্যালরি ও চিনির পরিমাণ বেশি থাকতে পারে। তাই সব খেজুরের ক্ষেত্রে একই সংখ্যাকে আদর্শ পরিমাণ বলা যায় না।

তাজা নাকি শুকনো খেজুর, কোনটি বেশি উপকারী?

খেজুর সাধারণত তাজা ও শুকনো দুই অবস্থায় পাওয়া যায়। একই জিনিস হলেও এদের পুষ্টিগুণে পার্থক্য আছে।

তাজা খেজুরে পানির পরিমাণ বেশি থাকায় এতে ক্যালরি ও চিনির ঘনত্ব তুলনামূলক কম। অন্যদিকে শুকনো খেজুরে পানি কমে যাওয়ায় একই পরিমাণে চিনি, খাদ্য আঁশ ও খনিজ উপাদান বেশি ঘনীভূত হয়।

ছবি: দ্য টাইমস অব ইন্ডিয়া
ছবি: দ্য টাইমস অব ইন্ডিয়া

তাজা খেজুরে প্রায় ৬০ শতাংশ পানি থাকে। ফলে এটি তুলনামূলক কম ক্যালরি সরবরাহ করে ও দ্রুত পেট ভরা অনুভূতি দিতে পারে। এ ছাড়া তাজা খেজুরে কিছু ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকতে পারে। শুকানোর প্রক্রিয়ায় এসব উপাদানের কিছু অংশ কমে যায়।

শুকনো খেজুরে পানির পরিমাণ প্রায় ২৫ শতাংশ। ফলে একই পরিমাণ তাজা খেজুরের তুলনায় এতে ক্যালরি, প্রাকৃতিক চিনি ও খাদ্য আঁশ বেশি ঘনীভূত থাকে। এতে পটাশিয়াম, ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ উপাদানের পরিমাণও তুলনামূলক বেশি হতে পারে। দ্রুত শক্তি পাওয়ার জন্য শুকনো খেজুর ভালো খাবার হতে পারে।

তবে বাজারে পাওয়া কিছু শুকনো খেজুরে অতিরিক্ত চিনি বা মেডিসিন থাকতে পারে। তাই কেনার সময় উপাদানের তালিকা দেখে নেওয়া ভালো।

ডায়াবেটিস থাকলে কি খেজুর খাওয়া যাবে?

খেজুর মিষ্টি হওয়ায় ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের অনেকেই এটি খেতে ভয় পান। তবে খেজুরের গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলক কম হওয়ায় পরিমিত পরিমাণে খেলে রক্তে শর্করার মাত্রায় প্রভাব অন্য অনেক মিষ্টিজাতীয় খাবারের তুলনায় কম হতে পারে।

গবেষণায় দেখা গেছে, পরিমিত পরিমাণে খেজুর খাওয়ার সঙ্গে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে শর্করার নিয়ন্ত্রণ খারাপ হওয়ার উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

ছবি: ইউটিউব থেকে নেওয়া
ছবি: ইউটিউব থেকে নেওয়া

তবে তার মানে এই না যে ডায়াবেটিস থাকলে ইচ্ছামতো খেজুর খাওয়া যাবে। ডায়াবেটিস রোগীরা যেভাবে খেজুর খাবেন-

  • একসঙ্গে অনেক খেজুর না খেয়ে কম পরিমাণে খান।
  • খেজুরের সঙ্গে কয়েকটি বাদাম খেতে পারেন। এতে প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট যুক্ত হবে, যা খাবার হজমের গতি ধীর করতে সাহায্য করতে পারে।
  • খেজুর খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা মেপে দেখুন।
  • খেজুর খেলে দিনের অন্য খাবার থেকে কতটুকু কার্বোহাইড্রেট গ্রহণ করছেন, সেটিও বিবেচনায় রাখুন।
  • চিকিৎসক বা পুষ্টিবিদের দেওয়া খাদ্যতালিকা অনুসরণ করুন।

খেজুরের গ্লাইসেমিক ইনডেক্স কম হলেও এর গ্লাইসেমিক লোডের বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ একসঙ্গে বেশি খেজুর খেলে মোট কার্বোহাইড্রেট গ্রহণ বেড়ে যায়। তাই পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি।

ওজন কমাতে খেজুর কি উপকারী?

অনেকেই মনে করেন, মিষ্টি খেজুর খেলে ওজন বেড়ে যায়। আবার কেউ কেউ মনে করেন, খেজুর খেলে দ্রুত ওজন কমে। আসলে দুটি ধারণার কোনোটিই পুরোপুরি সঠিক না।

মেডিকেল নিউজ টুডের প্রতিবেদন অনুযায়ী, খেজুর খেলে সরাসরি ওজন কমে, এমন পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে পরিমিত পরিমাণে খেজুর খাওয়া ওজন নিয়ন্ত্রণের খাদ্যতালিকায় রাখা যেতে পারে। এর কয়েকটি কারণ আছে-

খাদ্য আঁশ বেশি: খেজুরে থাকা খাদ্য আঁশ দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। ফলে বারবার ক্ষুধা লাগার প্রবণতা কমতে পারে।

মিষ্টি খাবারের বিকল্প: যাদের মিষ্টি খাওয়ার অভ্যাস আছে, তারা কেক, বিস্কুট বা প্রক্রিয়াজাত মিষ্টির পরিবর্তে অল্প পরিমাণে খেজুর খেতে পারেন।

ছবি: ভগ
ছবি: ভগ

পুষ্টি সরবরাহ করে: খেজুরে বিভিন্ন ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে। ফলে মিষ্টি খাবারের পরিবর্তে এটি তুলনামূলক পুষ্টিকর বিকল্প হতে পারে।

তবে খেজুর ওজন কমাতে সাহায্য করে কি না, তা নিশ্চিত করতে আরও বড় পরিসরের গবেষণা প্রয়োজন।

ওজন কমাতে চাইলে কতটি খেজুর খাবেন?

ওজন কমানোর জন্য খেজুরের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। তবে দৈনিক ক্যালরির চাহিদার মধ্যে রেখে অল্প পরিমাণে খাওয়া যেতে পারে। শুকনো খেজুরে ক্যালরি ও চিনির ঘনত্ব বেশি। তাই একসঙ্গে অনেকগুলো খেলে দৈনিক ক্যালরি গ্রহণ বেড়ে যেতে পারে। শুধু খেজুর খাওয়ার ওপর নির্ভর না করে সুষম খাবার, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুমের অভ্যাস গড়ে তোলা জরুরি।

ভেজানো খেজুর খাওয়ার বিশেষ কোনো উপকারিতা আছে কি?

না, নেই। খেজুর কয়েক ঘণ্টা বা সারা রাত পানিতে ভিজিয়ে রাখলে এটি নরম হয়ে যায়। ফলে যাদের শক্ত বা শুকনো খেজুর চিবিয়ে খেতে সমস্যা হয়, তাদের জন্য ভিজিয়ে খাওয়া সুবিধাজনক হতে পারে।

খেজুর ভিজিয়ে রাখলে এর পুষ্টিগুণ যে উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। নরম হওয়ার কারণে খাওয়া ও হজম করা কিছু মানুষের জন্য সহজ হতে পারে। তবে হজমের উন্নতির মূল ভূমিকা রাখে খেজুরের খাদ্য আঁশ, শুধু পানিতে ভিজিয়ে রাখার প্রক্রিয়া না।

গর্ভাবস্থায় খেজুর খাওয়া কি নিরাপদ?

গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার খাওয়া মা ও শিশুর সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। খেজুরে থাকা প্রাকৃতিক শর্করা, খাদ্য আঁশ, আয়রন, ফোলেট ও পটাশিয়াম গর্ভবতী নারীর খাদ্যতালিকায় বাড়তি পুষ্টি যোগ করতে পারে।

গর্ভাবস্থায় অনেক নারী ক্লান্তি ও দুর্বলতা অনুভব করেন। খেজুরে থাকা প্রাকৃতিক ফ্রুক্টোজ শরীরকে দ্রুত শক্তি জোগাতে পারে। ফলে এটি স্বাস্থ্যকর নাশতা হিসেবে খাওয়া যেতে পারে।

ছবি: পিন্টারেস্ট
ছবি: পিন্টারেস্ট

ফোলেট গর্ভাবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। এটি শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের প্রাথমিক বিকাশে ভূমিকা রাখে। কিছু জন্মগত ত্রুটির ঝুঁকি কমাতেও সাহায্য করে। খেজুরে কিছু পরিমাণ ফোলেট আছে। তবে গর্ভাবস্থায় প্রয়োজনীয় ফোলেটের চাহিদা পূরণের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফোলিক অ্যাসিড গ্রহণ করা জরুরি।

হেলথলাইনের তথ্য অনুযায়ী, গর্ভাবস্থার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তিন মাসেই পরিমিত পরিমাণে খেজুর খাওয়া সাধারণত নিরাপদ। তবে গর্ভবতী নারীর ডায়াবেটিস, রক্তে শর্করার সমস্যা বা অন্য কোনো স্বাস্থ্যগত জটিলতা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

গর্ভাবস্থায় খেজুর খেলে কি স্বাভাবিক প্রসব সহজ হয়?

গর্ভাবস্থার শেষ দিকে খেজুর খাওয়া এবং প্রসবপ্রক্রিয়ার মধ্যে সম্ভাব্য সম্পর্ক নিয়ে কয়েকটি গবেষণা হয়েছে।

হেলথলাইনে উল্লেখ করা ২০১১ সালের একটি গবেষণায় ১১৪ জন গর্ভবতী নারী অংশ নেন। তাদের মধ্যে ৬৯ জন প্রসবের সম্ভাব্য তারিখের আগের চার সপ্তাহ প্রতিদিন ছয়টি করে খেজুর খেয়েছিলেন। বাকি ৪৫ জন খেজুর খাননি। গবেষণায় দেখা যায়, যারা নিয়মিত খেজুর খেয়েছিলেন, তাদের প্রসবের প্রথম পর্যায় তুলনামূলক কম সময় স্থায়ী হয়েছিল। তাদের জরায়ুমুখের প্রসারণও বেশি ছিল।

এ ছাড়া খেজুর খাওয়া নারীদের ৯৬ শতাংশের স্বাভাবিকভাবে প্রসব শুরু হয়েছিল। অন্যদিকে খেজুর না খাওয়া নারীদের ক্ষেত্রে এই হার ছিল ৭৯ শতাংশ।

আরেকটি গবেষণায় ১৫৪ জন গর্ভবতী নারীকে নিয়ে পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, গর্ভাবস্থার শেষ দিকে খেজুর খাওয়া নারীদের প্রসব শুরু করাতে বা এগিয়ে নিতে চিকিৎসাগত হস্তক্ষেপের প্রয়োজন তুলনামূলক কম হয়েছিল।

তবে গবেষণাগুলোর ফলাফল আশাব্যঞ্জক হলেও এ বিষয়ে আরও বড় পরিসরের গবেষণা প্রয়োজন। খেজুর খেলেই স্বাভাবিক প্রসব হবে বা সিজারিয়ান এড়ানো যাবে, এমন কোনো নিশ্চয়তা নেই।


ভালো মানের খেজুর চিনবেন যেভাবে

বাজারে বিভিন্ন জাত ও মানের খেজুর পাওয়া যায়। দেখতে সুন্দর হলেই কিন্তু খেজুর ভালো হবে না। কেনার সময় কয়েকটি বিষয় খেয়াল করলে ভালো মানের খেজুর বেছে নিতে পারেন-

রং দেখে কিনুন: ভালো মানের খেজুরের রং সাধারণত জাত অনুযায়ী স্বাভাবিক ও মোটামুটি সমান হয়। খেজুরের গায়ে অস্বাভাবিক কালো দাগ, বিবর্ণ অংশ বা সাদা গুঁড়ার মতো আবরণ থাকলে ভালোভাবে যাচাই করুন।

ছবি: এনিবডি ক্যান বেক
ছবি: এনিবডি ক্যান বেক

তবে সব জাতের খেজুরের রং এক না। যেমন কিছু খেজুর গাঢ় বাদামি, কিছু কালো আর কিছু হালকা বাদামি রঙের হয়।

খেজুরের নরমভাব পরীক্ষা করুন: ভালো খেজুর সাধারণত কিছুটা নরম ও মাংসল হয়। আঙুল দিয়ে হালকা চাপ দিলে সামান্য দেবে যায়। অতিরিক্ত শক্ত, শুকনো ও ভঙ্গুর খেজুর দীর্ঘদিন সংরক্ষণ বা অতিরিক্ত আর্দ্রতা হারানোর কারণে এমন হতে পারে।

গন্ধ শুঁকে যাচাই করুন: ভালো খেজুরে স্বাভাবিক মিষ্টি ও তাজা গন্ধ থাকে। ক্যারামেল বা মধুর মতো ঘ্রাণও থাকতে পারে, যা খেজুরের জাতভেদে আলাদা হয়। কিন্তু টক, ভিনেগার বা অ্যালকোহলের মতো গন্ধ পেলে সেটি ফারমেন্টেশন বা গাঁজনের লক্ষণ হতে পারে। এমন খেজুর না খাওয়াই ভালো।

খেজুরের গায়ে পোকা বা ছিদ্র আছে কি না দেখুন: খেজুর কেনার সময় গায়ে ছোট ছিদ্র বা অস্বাভাবিক কালো দাগ আছে কি না পরীক্ষা করুন। এসব লক্ষণ পোকামাকড়ের আক্রমণ বা সংরক্ষণের সমস্যার কারণে দেখা দিতে পারে।

তবে খেজুরের গায়ে সাদা দানা বা আবরণ দেখা গেলে সেটি সব সময় ছত্রাক না। অনেক সময় খেজুরের প্রাকৃতিক গ্লুকোজ ও ফ্রুক্টোজ বাইরে বেরিয়ে এসে চিনির স্ফটিক তৈরি করতে পারে।

প্যাকেট ও সংরক্ষণের অবস্থা দেখুন: ভালো মানের খেজুর কেনার সময় প্যাকেটের মেয়াদ, উৎপাদনের তারিখ ও সংরক্ষণের নির্দেশনা দেখে নিন। বায়ুরোধী বা ভালোভাবে সিল করা প্যাকেট খেজুরকে আর্দ্রতা, পোকামাকড় ও বাইরের দূষণ থেকে রক্ষা করতে সাহায্য করে।

খেজুর পুষ্টিকর খাবার হলেও এর সঙ্গে সুষম খাবার, পর্যাপ্ত পানি পান ও নিয়মিত শারীরিক পরিশ্রম করতে হবে। শুধু একটি খাবারের ওপর ভালো-মন্দ নির্ভর করে না।

তথ্যসূত্র

Healthline: Health Benefits of Dates

Medical News Today: Are dates healthy?

MedicineNet: How many dates can I eat per day?

NDTV: Can Eating Dates Or Khajoor As A Mid-Morning Snack Really Boost Energy And Immunity?

Very well health: Fresh vs. Dried Dates: Which Is Better for Fiber and Nutrients?

Healthline: Can People with Diabetes Eat Dates?

Healthline: Is Eating Dates During Pregnancy Safe — and Can It Help Labor?

Amin Farms: How to Choose Premium-Quality Dates Like an Expert