logo

পেশায় আইনজীবী, হৃদয়ে পাখির জন্য আলাদা এক জগৎ

পেশায় আইনজীবী, হৃদয়ে পাখির জন্য আলাদা এক জগৎ
আইনজীবী শেখ আলী আহমেদ খোকন বাগেরহাট শহরের খারদ্বার এলাকায় নিজের বাড়ির ছাদে গড়ে তুলেছেন পাখির এক ব্যতিক্রমী সাম্রাজ্য। ছবি : এশিয়া পোস্ট

ব্যস্ত আদালতপাড়া, আইনি লড়াই আর পেশাগত দায়িত্বের বাইরে শেখ আলী আহমেদ খোকনের রয়েছে অন্য এক জগৎ। সেখানে নেই মামলার জটিলতা কিংবা কাজের চাপ। আছে কবুতর ও ঘুঘুর কলকাকলি, ফুল-ফলের গাছ আর সবুজের সমারোহ। বাগেরহাট শহরের খারদ্বার এলাকায় নিজের বাড়ির ছাদে গড়ে তুলেছেন পাখির এক ব্যতিক্রমী সাম্রাজ্য। তার এই পাখির জগৎ দেখতে প্রতিদিন বিকেলে ভিড় করেন আশপাশের মানুষ। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে এই ছাদেই তিনি খুঁজে পান মানসিক প্রশান্তি।

পেশায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আলী আহমেদ খোকনের ছাদে রয়েছে ১০ থেকে ১২ প্রজাতির কবুতর ও ঘুঘু। এর মধ্যে বিশেষ আকর্ষণ বিভিন্ন রঙের অস্ট্রেলিয়ান ঘুঘু। পাখি পালনের পাশাপাশি ছাদে লাগিয়েছেন নানা ধরনের ফুল ও ফলের গাছ। সব মিলিয়ে তার ছাদটি যেন শহরের মধ্যে এক টুকরো প্রকৃতি।

পাখির প্রতি খোকনের এই ভালোবাসা নতুন নয়। শৈশব থেকেই পাখি, মাছ, কুকুর ও বিড়ালের প্রতি তার আলাদা টান। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় কবুতর পালন শুরু করেন তিনি। কখনো কবুতর উড়ে হারিয়ে গেলে সেগুলোর খোঁজে দূরের মাঠে ছুটে যেতেন ছোট্ট খোকন। সময়ের সঙ্গে জীবনে দায়িত্ব বেড়েছে, এসেছে পেশাগত ব্যস্ততা। তবে পাখির প্রতি সেই ভালোবাসায় ভাটা পড়েনি।

আইন পেশার ব্যস্ততার মধ্যেও নিয়মিত পাখিদের জন্য সময় বের করেন তিনি। নিজেই সংগ্রহ করেন খাবার, খোঁজ রাখেন পরিচর্যার। তার কাছে পাখি পালন কোনো ব্যবসা নয়, বরং আত্মার খোরাক।

আইনজীবী শেখ আলী আহমেদ খোকনের বাড়ির ছাদে কবুতর পাখি। ছবি : এশিয়া পোস্ট
আইনজীবী শেখ আলী আহমেদ খোকনের বাড়ির ছাদে কবুতর পাখি। ছবি : এশিয়া পোস্ট

শেখ আলী আহমেদ খোকন বলেন, ‘আমি ছোটবেলা থেকেই পাখি পালন করি। কবুতর উড়ে হারিয়ে গেলে ছোট মানুষ হয়েও দৌড়ে দৌড়ে খুঁজতে যেতাম। সেই ভালো লাগা থেকেই আজও পাখি পালন করছি। এটি আমার আত্মার খোরাক। যান্ত্রিক জীবনে কাজের চাপের মধ্যে প্রকৃতির সান্নিধ্য মানুষকে মানসিক প্রশান্তি দেয়।’

পাখির খাবার ও পরিচর্যায় কোনো কমতি রাখতে চান না খোকন। উন্নত মানের বিভিন্ন খাবার দিয়ে যত্ন নেন পাখিগুলোর। তিনি বলেন, বাগেরহাটের বাড়িতে পাখিদের পেছনে প্রতি মাসে প্রায় সাত থেকে আট হাজার টাকা খরচ হয়। তবে এই ব্যয়কে বোঝা মনে করেন না তিনি। পাখিদের সুস্থভাবে বেড়ে ওঠা এবং তাদের স্বাভাবিক আচরণ দেখার মধ্যেই আনন্দ খুঁজে পান।

বাগেরহাটের বাড়ির পাশাপাশি ঢাকার বাসাতেও তার পোষা পার্শিয়ান বিড়াল রয়েছে। পরিবারের সদস্যরাও প্রাণীদের প্রতি যত্নশীল। তার ছেলে-মেয়েরাও পোষা প্রাণীদের দেখভাল করেন। ফলে প্রাণীর প্রতি ভালোবাসা ছড়িয়ে পড়েছে পরিবারের অন্য সদস্যদের মধ্যেও।

সম্প্রতি জাপান ভ্রমণ শেষে প্রায় দেড় মাস পর বাগেরহাটের বাড়িতে ফেরেন খোকন। ফিরে পাখিদের নতুন এক দৃশ্য দেখে মুগ্ধ হন তিনি। তার অনুপস্থিতিতে অনেক ডিম ফুটে জন্ম হয়েছে নতুন বাচ্চার। মা কবুতরদের বাচ্চাদের খাওয়ানো ও আগলে রাখার দৃশ্য তার আনন্দ আরও বাড়িয়ে দেয়।

ছাদে রয়েছে ১০ থেকে ১২ প্রজাতির কবুতর ও ঘুঘু। ছবি : এশিয়া পোস্ট
ছাদে রয়েছে ১০ থেকে ১২ প্রজাতির কবুতর ও ঘুঘু। ছবি : এশিয়া পোস্ট

খোকনের পাখি পালনের শখের কথা শুনে অনেকেই তার কাছ থেকে কবুতরের বাচ্চা কিনতে চান। তবে তিনি কাউকেই পাখিগুলো বিক্রি করতে রাজি হন না। তার ভাষায়, এগুলো শখের সম্পদ, পরিবারের আনন্দের অংশ। বাণিজ্যিকভাবে পাখি বিক্রির কোনো পরিকল্পনা নেই তার।

পাখি ও প্রকৃতির প্রতি ভালোবাসার পাশাপাশি মানুষের প্রতিও ভালোবাসা ও শ্রদ্ধাবোধের ওপর গুরুত্ব দেন এই আইনজীবী। তিনি বলেন, ‘আমার একটাই বার্তা—শুধু পাখিপ্রেমী নয়, আমাদের জীবপ্রেমী হতে হবে। আগে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। পাশাপাশি পাখি, গাছপালা ও প্রকৃতির সব সৃষ্টির প্রতিও ভালোবাসা থাকা উচিত।’

জীবনে ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, জাপান ও সিঙ্গাপুরসহ প্রায় ২৫ থেকে ৩০টি দেশ ভ্রমণ করেছেন খোকন। বিভিন্ন দেশে মানুষের পোষা প্রাণীর প্রতি ভালোবাসা তাকে মুগ্ধ করেছে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের পোষা কুকুর-বিড়ালের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ পেতে দেখেছেন তিনি। এসব অভিজ্ঞতা থেকে প্রাণী ও প্রকৃতির প্রতি ভালোবাসার গুরুত্ব আরও গভীরভাবে উপলব্ধি করেছেন।

স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, ‘খোকন ভাইয়ের বাড়িতে অনেক ধরনের কবুতর ও ঘুঘু রয়েছে। বিকেলে পাখিগুলো দেখতে বেশ ভালো লাগে। বিভিন্ন রঙের পাখি একসঙ্গে দেখতে পারা সত্যিই আনন্দের। তার এই শখ আমাদেরও পাখির প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়।’

স্থানীয় বাসিন্দা ইমন খান বলেন, ‘খোকন চাচার বাড়িতে বিভিন্ন প্রজাতির পাখি দেখতে ভালো লাগে। তার পাখি পালনের শখ ও পরিচর্যা দেখে অন্যরাও উৎসাহিত হন। ব্যস্ততার মধ্যেও তিনি যেভাবে পাখিগুলোর যত্ন নেন, তা সত্যিই ভাবার মতো।’

আরেক বাসিন্দা শেখ রায়হান বলেন, ‘ব্যস্ত জীবনের মধ্যেও খোকন সাহেব যেভাবে পাখি ও গাছপালার যত্ন নেন, তা প্রশংসনীয়। তিনি পাখিগুলোকে শুধু শখ হিসেবে দেখেন না, পরিবারের সদস্যের মতো যত্ন করেন। তার বাড়িতে এলে পাখির ডাক আর সবুজ গাছপালা দেখে মন ভালো হয়ে যায়। তার এই উদ্যোগ অন্যদেরও প্রকৃতি ও প্রাণীর প্রতি যত্নশীল হতে উৎসাহিত করবে।’

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট