সংগীতশিল্পী শেখ সাহেদ আর নেই

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড ‘গাছ’-এর প্রতিষ্ঠাতা এবং ‘রোকযানা’খ্যাত সংগীতশিল্পী শেখ সাহেদ আলী। লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সাড়ে ১০টায় ঢাকার আজগর আলী হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
তার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন ‘অর্থহীন’ ব্যান্ডের মুখপাত্র এহসানুল হক টিটু।
নিজের ফেসবুক আইডি থেখে সাহেদের মৃত্যুর সংবাদটি প্রকাশ করে সবার কাছে দোয়া চান তিনি। তার এই প্রয়াণে দেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এর আগে গুরুতর রক্তক্ষরণসহ কিডনি জটিলতা, স্ট্রোক, ডেঙ্গু ও হেপাটাইটিস সি ভাইরাসের মতো একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
শিল্পীর শারীরিক অবস্থার অবনতি সম্পর্কে বন্ধু সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার স্ট্রোক হয় এবং পরীক্ষায় ডেঙ্গুও শনাক্ত হয়।
অবস্থার অবনতি হলে তাকে প্রথমে এইচডিইউ এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়। দীর্ঘ চার বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস নিচ্ছিলেন তিনি।
চিকিৎসকরা জানিয়েছিলেন, কিডনি জটিলতার পাশাপাশি ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ, স্ট্রোক, ডেঙ্গু এবং লিভারের প্রদাহের মতো একাধিক মারাত্মক শারীরিক জটিলতা একসঙ্গে তার পরিস্থিতিকে অত্যন্ত সংকটাপন্ন করে তুলেছিল।
স্থগিত হয়েছিল কিডনি প্রতিস্থাপন ও নতুন অ্যালবামের প্রকাশনা। অসুস্থতার কারণে তার দীর্ঘদিনের গানের আয়োজনও থমকে গিয়েছিল। দীর্ঘ ১১ বছর ধরে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন তিনি।
গত ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ উপলক্ষে অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও শিল্পীর অসুস্থতার কারণে তা বাতিল করা হয়। এ ছাড়া, অনুষ্ঠান শেষে গত ১৫ নভেম্বরের পর কিডনি প্রতিস্থাপনের জন্য তার দিল্লি যাওয়ার কথা ছিল এবং কিডনিদাতাও চূড়ান্ত করা হয়েছিল; কিন্তু শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটায় সেই পরিকল্পনাও ভেস্তে যায়।