বিশ্ব দয়া দিবস আজ: ছোট ছোট ভালো কাজেই বদলে যেতে পারে পৃথিবী

মানুষের প্রতি সহানুভূতি, ভালোবাসা ও সহযোগিতার মনোভাব ছড়িয়ে দিতে আজ ১৩ নভেম্বর পালিত হচ্ছে বিশ্ব দয়া দিবস। ব্যস্ততা, ব্যক্তিগত স্বার্থ ও প্রতিযোগিতাপূর্ণ এই সময়ে অন্যের প্রতি একটু সদয় হওয়া যে কতটা গুরুত্বপূর্ণ, তা মনে করিয়ে দেয় দিনটি।
বিশ্ব দয়া দিবসের মূল লক্ষ্য হলো মানুষের মধ্যে নিঃস্বার্থভাবে ভালো কাজ করার মানসিকতা তৈরি করা। একটু হাসি, আন্তরিক প্রশংসা বা বিপদে কারও পাশে দাঁড়ানোর মতো ছোট কাজও অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
বিশ্ব দয়া দিবসের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে সহমর্মিতা বাড়ানো ও সমাজে ভালো কাজের চর্চাকে উৎসাহিত করা। এই দিনটিতে সবাইকে ভালো কাজ করার আহ্বান জানানো হয়। এর জন্য বড় কোনো আয়োজন বা অর্থের দরকার হয় না। দৈনন্দিন জীবনের ছোট ছোট আচরণের মধ্য দিয়েই দয়ার চর্চা করা সম্ভব।
বিশ্ব দয়া দিবসের সূচনা হয় ১৯৯৮ সালে। এর পেছনে ছিল ওয়ার্ল্ড কাইন্ডনেস মুভমেন্ট নামের একটি আন্তর্জাতিক উদ্যোগ। ১৯৯৭ সালে জাপানের টোকিওতে বিভিন্ন দেশের মানবিক সংগঠনের প্রতিনিধিরা এক সম্মেলনে অংশ নেন।
এসব সংগঠনের সম্মিলিত উদ্যোগে ওয়ার্ল্ড কাইন্ডনেস মুভমেন্ট গড়ে ওঠে। তাদের লক্ষ্য ছিল মানুষের মধ্যে দয়া, সহানুভূতি ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া, আরও সহানুভূতিশীল একটি বিশ্ব গড়ে তোলা।
পরবর্তী সময়ে ১৯৯৮ সালে সংগঠনটি প্রথমবারের মতো বিশ্ব দয়া দিবস পালনের উদ্যোগ নেয়। এরপর থেকে প্রতিবছর ১৩ নভেম্বর দিনটি পালিত হয়ে আসছে।
এটি কোনো রাজনৈতিক বা ধর্মীয় আদর্শের সঙ্গে যুক্ত না। বরং দেশ ও জাতির ভেদাভেদ ভুলে মানুষের মধ্যে মানবিক সম্পর্ক গড়ে তোলাই এর অন্যতম লক্ষ্য।
মানুষ সামাজিক জীব। একে অন্যের সহযোগিতা ছাড়া সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব না। কিন্তু দৈনন্দিন জীবনের ব্যস্ততা, ব্যক্তিগত সমস্যা ও নানা প্রতিযোগিতার কারণে অনেক সময় আমরা অন্যের প্রয়োজন বা অনুভূতির কথা ভুলে যাই।
বিশ্ব দয়া দিবস মানুষকে সেই বিষয়গুলো নতুন করে মনে করিয়ে দেয়। অন্যের প্রতি সদয় আচরণ শুধু যার সঙ্গে করা হচ্ছে, তার জন্যই ভালো না। ভালো কাজের মাধ্যমে নিজের মধ্যেও আনন্দ ও ইতিবাচক অনুভূতি তৈরি হতে পারে।
এ ছাড়া শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই দয়া, সহানুভূতি ও অন্যকে সম্মান করার শিক্ষা ছড়িয়ে দেওয়ার বিষয়টিও দিনটির গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। বিশেষ করে বিদ্যালয়ে বুলিং বা সহপাঠীকে অপমান করার মতো আচরণ প্রতিরোধে এই মূল্যবোধের চর্চা সহায়ক হতে পারে।
বিশ্ব দয়া দিবসের মূল বার্তা হলো, পৃথিবীকে আরও সুন্দর করতে সব সময় বড় কোনো পরিবর্তনের দরকার হয় না। ছোট ছোট ভালো কাজের সমষ্টিই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
কাউকে সাহায্য করা, ভুল হলে ক্ষমা চাওয়া, অন্যের মতামতকে সম্মান করা বা কারও কষ্টের সময়ে পাশে দাঁড়ানো, সবই দয়ার অংশ। তাই শুধু ১৩ নভেম্বর না, বছরের প্রতিটি দিনই মানুষের প্রতি সদয় আচরণের চর্চা করা প্রয়োজন।
