logo

ডেঙ্গুর মধ্যেই নিউমোনিয়া, ঝুঁকিতে শিশু ও বয়স্করা

ডেঙ্গুর মধ্যেই নিউমোনিয়া, ঝুঁকিতে শিশু ও বয়স্করা
ডেঙ্গুর সঙ্গে নিউমোনিয়া নিয়ে চিকিৎসাধীন ৬ বছরের শিশু মোসাফফা। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। ছবি: এশিয়া পোস্ট

ডেঙ্গু নিয়ে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন নিয়াজ মোরশেদ (৩৫) এবং ছয় বছরের শিশু মোসাফফা। দুজনই এখন নিউমোনিয়ায় আক্রান্ত। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুতে ফুসফুসে পানি জমে নিউমোনিয়ার ঝুঁকি বাড়ে। প্রাপ্তবয়স্কদের চেয়ে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই ঝুঁকি অনেক বেশি।

ময়মনসিংহ থেকে আসা নিয়াজ ছয় মাসের ব্যবধানে দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত চার দিন ধরে মুগদা মেডিকেলে চিকিৎসাধীন।

ঢাকার খিলগাঁও থেকে আসা ছোট্ট মোসাফফাও ভর্তি হয় ডেঙ্গু নিয়ে। কিন্তু এরই মধ্যে তার নিউমোনিয়া ধরা পড়েছে। গত শনিবার থেকে হাসপাতালে শিশুটি।

মোসাফফার মা সাবিকুন নাহার এশিয়া পোস্টকে বলেন, ‘প্রথমে জ্বর ও বমি ছিল। শ্বাস নিতে কষ্ট হতো। শুরুতে ডেঙ্গু নিয়ে ভর্তি হলেও এখন নিউমোনিয়াও রয়েছে। ডাক্তার বলেছে, সুস্থ হতে সময় লাগবে।’

ডেঙ্গুর প্রকোপের মধ্যে নিউমোনিয়া বা ফুসফুসের সংক্রমণ নিয়ে সতর্ক করছেন চিকিৎসকরা। তারা বলছেন, ডেঙ্গু রোগীর ফুসফুসে দ্রুত পানি জমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে শারীরিক অবস্থা দ্রুত খারাপ হয়, মৃত্যুঝুঁকিও বাড়ে।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিকস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আবুল খায়ের। তিনি এশিয়া পোস্টকে বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্ত হলে ফুসফুসে পানি জমে নিউমোনিয়ার ঝুঁকি বাড়ে। বিশেষ করে দ্বিতীয়বার ডেঙ্গু হলে অবস্থা দ্রুত জটিলতায় রূপ নেয়। মৃত্যুঝুঁকিও অনেক বেড়ে যায়।’ প্রাপ্তবয়স্কদের জটিলতা কিছুটা কম হলেও শিশু ও বয়স্কদের নিউমোনিয়ার ঝুঁকি অনেক বেশি বলে জানান তিনি।

সরেজমিনে গত মঙ্গলবার মুগদা মেডিকেলে গিয়ে দেখা যায়, তিনটি ফ্লোরে ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে। একটিতে শিশু, বাকি দুটিতে পুরুষ ও নারীদের আলাদা ওয়ার্ড।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টায় হালনাগাদ করা তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ১৯২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই রোগীদের একাংশ নিউমোনিয়াতেও ভুগছেন। তবে এর সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি দায়িত্বরত চিকিৎসকেরা। এ বিষয়ে জানতে হাসপাতালের পরিচালক বা উপপরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তারা। তবে দুপুর আড়াইটার দিকে দুই কর্মকর্তার কক্ষে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে গত ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত ২ হাজার ২৯৩ শিশু নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছে। একই সময়ে বহির্বিভাগে নিউমোনিয়ার উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৪২ শিশু।

চলতি বছরের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রতিষ্ঠানটিতে ৬০১ জন ডেঙ্গুতে আক্রান্ত শিশু চিকিৎসা নিয়েছে। বর্তমানে ভর্তি আছে ৩২ জন। চিকিৎসকরা জানিয়েছেন, এসব ডেঙ্গু রোগীর অনেকেই নিউমোনিয়ায় আক্রান্ত।

শিশু হাসপাতালের পরিচালক ও সংক্রামক রোগের গবেষক অধ্যাপক মো. মির্জা জিয়াউল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ‘যে কোনো ভাইরাসজনিত রোগ সংক্রমণের শুরুর পর্যায়ে নিউমোনিয়া হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এর মূল কারণ পুষ্টিহীনতা। শরীরে পুষ্টির ঘাটতি যত বেশি থাকে, সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার এবং সেই সংক্রমণ গুরুতর রূপ নেওয়ার শঙ্কাও তত বাড়ে।’

এই চিকিৎসক জানান, ডেঙ্গু রোগীদের মধ্যে কত শতাংশ নিউমোনিয়ায় আক্রান্ত হন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো গবেষণা নেই। তবে বর্তমানে এই হার ঊর্ধ্বমুখী।

ডেঙ্গুর কারণে কীভাবে নিউমোনিয়া বা ফুসফুসের জটিলতা তৈরি হয়? এমন প্রশ্নে অধ্যাপক জিয়াউল ইসলাম বলেন, ‘ডেঙ্গু যখন চিকিৎসকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বা অত্যন্ত মারাত্মক আকার ধারণ করে, তখন ফুসফুস আক্রান্ত হতে পারে। এর ফলে রোগীর নিউমোনিয়ার ঝুঁকি তৈরি হয়।’

বাংলাদেশ হেলথ ফ্যাসিলিটির গত বছরের জরিপের তথ্য অনুযায়ী, প্রতিবছর এক লাখেরও বেশি শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়। এর ৫২ শতাংশ চিকিৎসার বাইরে থেকে যায়।

জরিপের তথ্য বলছে, ৫০ ভাগ স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন কনসেনট্রেটর নেই। এক-তৃতীয়াংশ স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেনের প্রয়োজনীয় অন্যান্য উৎসও নেই। সঠিক সময়ে চিকিৎসাকেন্দ্রে না আসায় নিউমোনিয়ায় আক্রান্ত ৪৫ শতাংশ শিশু মারা যায়।

শিশু হাসপাতালের পেডিয়াট্রিকস পালমনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কামরুজ্জামান (কামরুল) বলেন, ‘আমাদের হাসপাতালে নিউমোনিয়ার রোগীর অধিকাংশই শহরের বাইরে থেকে আসা। তারা খারাপ অবস্থা নিয়ে আসছে, ফলে সুস্থ হয়ে ফেরা কঠিন। এ কারণে মৃতদের বড় অংশই স্থানীয় পর্যায়ের রোগী। আক্রান্ত হওয়ার পরপরই যারা নিকটবর্তী হাসপাতালে যেতে পারছে, তারা সুস্থ হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রান্তিক পর্যায়ে আমাদের বড় সমস্যা জ্বর, ঠান্ডা, কাশিতে আক্রান্ত হলেই বাচ্চাকে পল্লী চিকিৎসকদের কাছে নেওয়া হয়। অবস্থা ক্রমাগত খারাপ হলে চিকিৎসকের শরণাপন্ন হন অভিভাবকরা। কিন্তু শিশুর হাইপক্সেমিয়া (অক্সিজেনের ঘাটতি) প্রতিরোধের মতো ব্যবস্থাপনা উপজেলা হাসপাতালে খুব একটা নেই। ততক্ষণে সময় অনেকটা চলে গেলে জেলা সদর কিংবা বিভাগীয় হাসপাতালে নিয়ে সংকটাপন্ন অবস্থা দেখে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু পথেই রোগীর অবস্থা একেবারে মারাত্মক অবস্থায় চলে যায়। শেষে হাসপাতালে পৌঁছালেও শয্যা সংকটে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে হয়। এতে চিকিৎসা শুরুর আগেই চলে যায় নিউমোনিয়ার রোগী।’

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) তথ্য অনুযায়ী, দেশে প্রতি হাজার জীবিত জন্মে প্রায় ৭ দশমিক ৪ জন শিশু নিউমোনিয়ায় প্রাণ হারাচ্ছে। মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ৪২ ভাগের রক্তে অক্সিজেনের ঘাটতি থাকে। এটি এ রোগে এত বেশি মৃত্যুর একটি বড় কারণ।

আইসিডিডিআর,বির মাতৃ ও শিশু স্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ বিজ্ঞানী আহমেদ এহসানুর রহমান এশিয়া পোস্টকে বলেন, ‘আমাদের স্বাস্থ্যসেবা কেন্দ্রের অবকাঠামো আগের তুলনায় বাড়লেও মাধ্যমিক স্তরের স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিউমোনিয়া নিয়ে আসা শিশুর প্রায় ৪২ শতাংশ অক্সিজেন সংকটে ভোগেন। এ জন্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অক্সিজেন ব্যবস্থাপনায় জোর দেওয়ার পাশাপাশি শিশুদের বুকের দুধ খাওয়ানো ও পুষ্টির দিকে বিশেষ নজর দিতে হবে।’