logo

আইজেএমের সঙ্গে কাজ করতে একমত বাংলাদেশ পুলিশ

আইজেএমের সঙ্গে কাজ করতে একমত বাংলাদেশ পুলিশ
আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে আইজেএম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্লেয়ার উইলকিনসন। ছবি: পুলিশ হেডকোয়ার্টার্সের সৌজন্যে

মানবপাচার প্রতিরোধ, ভুক্তভোগীদের উদ্ধার ও সুরক্ষা এবং ডিজিটাল আর্থিক অপরাধের তদন্তে সহযোগিতা জোরদার করতে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের (আইজেএম) সঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে আইজেএম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্লেয়ার উইলকিনসনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে মানবপাচার প্রতিরোধ ও ভুক্তভোগীদের উদ্ধারে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং আইজেএমের যৌথ কার্যক্রমের প্রশংসা করেন আইজিপি।

বৈঠকে পুলিশ কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তিনির্ভর তদন্ত সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। সম্প্রতি রাজারবাগের ডিটেকটিভ ট্রেনিং স্কুলে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের ব্লকচেইন ট্রেসিং, ডার্ক ওয়েব-সংক্রান্ত তদন্ত এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিষয়ে বিশেষ প্রশিক্ষণের বিষয়েও আলোচনা হয়।

ভবিষ্যৎ কৌশলগত অংশীদারিত্বের আওতায় পুলিশ কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল আর্থিক অপরাধের তদন্তে কারিগরি সহায়তা, ভুক্তভোগীদের সুরক্ষায় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়ন এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারে উভয় পক্ষ ঐকমত্য প্রকাশ করে।

আইজিপি আধুনিক প্রযুক্তি ও কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে সংঘবদ্ধ অপরাধ এবং মানবপাচার প্রতিরোধে বাংলাদেশ পুলিশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল তদন্ত বিষয়ে দুই ঘণ্টাব্যাপী বিশেষ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।