logo

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত: তথ্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত: তথ্য প্রতিমন্ত্রী
বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। এ ছাড়া অপপ্রচার ও অপতথ্য ছড়ানোর অভিযোগে ১৯টি ওয়েবসাইট, ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য শিরীন সুলতানার প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের অনুপস্থিতিতে তিনি এ তথ্য জানিয়েছেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, “অপপ্রচার, কুৎসা ও বিভ্রান্তিমূলক সংবাদ মোকাবিলায় ‘বাংলাফ্যাক্ট’ এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশ করা হয়েছে ৫৫২টি।”

তিনি বলেন, “বর্তমানে বাংলাফ্যাক্ট প্রতিদিন গড়ে তিন-পাঁচটি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন, রিল ও ভিডিও প্রকাশ করছে। সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে শিগগিরই ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে। এ ছাড়া জনসচেতনতা বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফিচার ও জনসচেতনতামূলক বার্তা তথ্য অধিদপ্তরের দাপ্তরিক ফেসবুক পেজ এবং জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত প্রকাশ করা হয়।”

বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে সরকারি মালিকানাধীন টেলিভিশন চ্যানেলের সংখ্যা চারটি। এ ছাড়া অনাপত্তি প্রদান করা হয়েছে ৫৬টি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে। এর মধ্যে সম্প্রচারে রয়েছে ৩৯টি। অনাপত্তি প্রদান করা আইপি টিভির সংখ্যা ১৬টি। স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমোদন একটি চলমান প্রক্রিয়া। নতুন কোনো আবেদন পাওয়া গেলে তা যথাযথভাবে যাচাই-বাছাই করে সরকারের নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে অনুমতি দেওয়া হয়ে থাকে।

বিএনপির এমপি রেজা আহাম্মেদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিটিভিকে লাভজনক করার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এর মধ্যে সেলিব্রেটি অভিনয় শিল্পীদের দ্বারা অভিনীত বিশেষ নাটক, ধারবাহিক নাটক, দেশে নির্মিত কার্টুন, ডাবিংকৃত কার্টুন, ডাবিংকৃত বিদেশি সিরিয়াল (তুর্কি/ইরানি) ইত্যাদি অনুষ্ঠান কেনা বা সংগ্রহণ করে প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। পেশাদার অনুষ্ঠান নির্মাণ বা সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে এসব অনুষ্ঠান ক্রয় করে বিটিভিতে প্রচার করার মাধ্যমে বিটিভির দর্শকপ্রিয়তা এবং রাজস্ব আয় উভয়ই বৃদ্ধি পাবে।

জামায়াতের সংসদ সদস্য আব্দুস সাত্তারের প্রশ্নের জবাবে ইয়াসের খান চৌধুরী বলেন, “গণমাধ্যমকর্মীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট বিধান যুক্ত করে ‘দ্য প্রেস কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া তৈরি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।”

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে ইতোমধ্যে তথ্য কমিশন গঠন করা হয়েছে। গত ১৮ অক্টোবর প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনাররা দায়িত্ব গ্রহণ করেছেন।’

সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের প্রশ্নের জবাবে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘প্রস্তাবিত সংশোধনী আইনে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, পেশাগত মানোন্নয়ন ও পরিচিতি নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। এ লক্ষ্যে বার কাউন্সিলের মতো সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের অনলাইন ডাটাবেইস তৈরির এখতিয়ার দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া সংবাদপত্র, সংবাদ সংস্থা, সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা, হয়রানিমূলক, সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও জনরুচিবিরোধী সংবাদ প্রকাশ এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আর্থিক জরিমানাসহ শাস্তির বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘সাংবাদিকতার আচরণবিধি লঙ্ঘন, জনস্বার্থ ক্ষুণ্ন হয় এমন সংবাদ প্রকাশ, গুজব, ভুয়া খবর বা ঘৃণামূলক বক্তব্য প্রচারের বিরুদ্ধে প্রেস কাউন্সিলের স্বতঃপ্রণোদিত তদন্ত, আদেশ প্রদান ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।’