logo

রিসোর্ট ভাড়া নিয়ে গোপন বৈঠক, সাবেক এমপিসহ ১৯৫ জনের বিরুদ্ধে মামলা

রিসোর্ট ভাড়া নিয়ে গোপন বৈঠক, সাবেক এমপিসহ ১৯৫ জনের বিরুদ্ধে মামলা
রিসোর্ট ভাড়া নিয়ে গোপন বৈঠকের অভিযোগে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: এশিয়া পোস্ট

সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলে পিকনিক ও শিক্ষা সফরের নামে রিসোর্ট ভাড়া নিয়ে গোপন বৈঠকের আয়োজনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৭৫ জনকে আসামি করা হয়েছে।

গোয়াইনঘাট থানা পুলিশ বাদী হয়ে বুধবার (১১ নভেম্বর) মামলাটি রেকর্ড করে। এ ঘটনায় দুদিনের অভিযানে বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইমরান আহমদ (৩০), মো. শাহীন আহমদ (৪৪), আব্দুল করিম (৬৩), মো. ইসমাইল আহমদ ওরফে ইয়াছিন আরাফাত (২৩), আমির উদ্দিন (২৯), ফারুক আহমদ (৪২), মস্তাক আহমদ (৩৮), মঞ্জুর রহমান (৩২) ও লিটন সাওতাল (৪০)। বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ১০ নভেম্বর রাতে রাতারগুলের আলোচিত ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’-এর দুই কর্মীসহ চারজনকে আটক করে পুলিশ। একই সঙ্গে রিসোর্টটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এজাহারনামীয় আসামিও রয়েছেন।

ওসি আরও জানান, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রয়োজনে বিশেষ অভিযানও পরিচালনা করা হবে।