রেস্টুরেন্টে ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি মৎস্যজীবী দল নেতার

নারায়ণগঞ্জে চার প্যাকেট বিরিয়ানি পার্সেল নেওয়া কেন্দ্র করে একটি রেস্টুরেন্টের ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল থেকে ঘটনার ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শহরের মাসদাইর এলাকার ‘আল্লাহর দান বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্টে’ এই ঘটনা ঘটে।
নয় সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, বিরিয়ানির দোকানের ম্যানেজার খোকনের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করছেন এইচ এম হোসেন। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন। জনাকীর্ণ একটি খাবারের দোকানে এমন হুমকির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে।
রেস্টুরেন্টের এক কর্মচারীর ভাষ্য অনুযায়ী, এক নারী চার প্যাকেট বিরিয়ানি পার্সেল নিতে এসে দাবি করেন যে তিনি ক্যাশে টাকা পরিশোধ করেছেন। তবে ক্যাশে টাকা জমা না হওয়ায় ম্যানেজার খোকন বিরিয়ানি দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে ওই নারীর সঙ্গে ম্যানেজারের বাগ্বিতণ্ডা হয়। পরে ওই নারী এইচ এম হোসেনসহ কয়েকজনকে নিয়ে রেস্টুরেন্টে আসেন। সেখানে এসেই হোসেন ম্যানেজারের সঙ্গে চড়াও হন এবং তাকে গুলি করে হত্যার হুমকি দেন।
ঘটনার বিষয়ে বিরিয়ানি দোকানের মালিক রফিকুল ইসলাম বলেন, দোকান থেকে চার প্যাকেট বিরিয়ানি নেওয়া হলেও ক্যাশে কিংবা ম্যানেজারের হাতে কোনো টাকা দেওয়া হয়নি। টাকা ছাড়াই খাবার দিতে রাজি না হওয়ায় মৎস্যজীবী দলের ওই নেতা ম্যানেজারকে এমন হুমকি দেন। পরে উপস্থিত কেউ মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
অভিযোগের বিষয়ে জানতে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
তিনি গণমাধ্যমকে বলেন, ভিডিওটির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।
