logo

৫০৩টি উপজেলায় ১৫১ শয্যার নতুন হাসপাতাল করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৫০৩টি উপজেলায় ১৫১ শয্যার নতুন হাসপাতাল করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ছবি: এশিয়া পোস্ট

প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে দেশের ৫০৩টি উপজেলায় নতুন করে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, পাশাপাশি তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও জোরদার করা হবে। এ কাজে লক্ষাধিক স্বাস্থ্যকর্মী নিয়োজিত থাকবেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, বিগত সরকারগুলোর দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে উত্তরাধিকার সূত্রে স্বাস্থ্য খাতের বেহাল দশা পেয়েছি। সারা দেশেই একই চিত্র দেখতে পাচ্ছি। জনবল সংকট, অনেক জায়গায় যন্ত্রপাতি নষ্ট, কোথাও আবার যন্ত্রপাতি থাকলেও তা চালানোর লোক নেই।

তিনি আরও বলেন, অনেক জায়গায় মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে, কিন্তু কোনো ক্যাম্পাস নির্মাণ করা হয়নি। উন্নয়নের নামে যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে, তা ঠিক করতে হলে পরিকল্পিত কার্যপ্রণালি প্রয়োজন।

এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ দেওয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।