logo

ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, এক দুর্ঘটনায় শেষ পুরো পরিবার

ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, এক দুর্ঘটনায় শেষ পুরো পরিবার
সড়ক দুর্ঘটনায় নিহত দন্তচিকিৎসক মামুন হোসেন আশরাফুল, তার স্ত্রী শিশু আক্তার ও ছেলে আরাফাত হোসেন। ছবি: পরিবারের কাছ থেকে নেওয়া

স্ত্রী ও আট বছরের একমাত্র ছেলেকে নিয়ে সময় কাটাতে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন দন্তচিকিৎসক মামুন হোসেন আশরাফুল (৩০)। গন্তব্য ছিল মির্জাপুরের দিকে। বাড়ি থেকে বের হওয়ার সময় স্বজনদের বলে গিয়েছিলেন, ফিরতে দেরি হতে পারে। কিন্তু সেই ফেরা আর হলো না। গন্তব্যে পৌঁছানোর আগেই গাজীপুরের সফিপুর উড়ালসড়কে পেছন থেকে আসা একটি গাড়ির চাপায় প্রাণ গেল মামুন, তার স্ত্রী ও সন্তানের। এক দুর্ঘটনায় শেষ হয়ে গেল পুরো পরিবার।

বুধবার (১১ নভেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ি এলাকার নজরুল হোসেন মোফাজ্জলের ছেলে মামুন হোসেন আশরাফুল (৩০), তার স্ত্রী শিশু আক্তার এবং তাদের আট বছর বয়সি ছেলে আরাফাত হোসেন। মামুন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে একটি মার্কেটে ‘শুভ ডেন্টাল কেয়ার’ নামে ফার্মেসি পরিচালনার পাশাপাশি দন্তচিকিৎসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকা থেকে মির্জাপুরের উদ্দেশ্যে রওনা হন মামুন। পথে সফিপুর বাজারের উড়ালসড়কে পৌঁছালে পেছন থেকে আসা একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং তিনজনের মরদেহ উদ্ধার করে। তবে কোন গাড়ির চাপায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

নিহত মামুনের চাচাতো ভাই মো. আনিস বলেন, বাড়ি থেকে বের হওয়ার সময় তারা কোথায় যাচ্ছেন, তা নির্দিষ্ট করে জানাননি। রাত ১২টায় দেওয়ালিয়া বাড়িতে বাড়ির পাশেই তাদের দাফন করা হয়েছে।

আনিস আরও বলেন, মামুনও তার মা-বাবার একমাত্র ছেলে ছিলেন। তার একটি ছোট বোন রয়েছে। এখন মামুনের পাশাপাশি তার স্ত্রী ও সন্তানকেও হারিয়ে পরিবারটি শোকে স্তব্ধ।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোরশেদ বলেন, গতকাল রাতেই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জানতে পেরেছি, রাতেই তাদের দাফন করা হয়েছে। তবে ঘাতক চালক ও পরিবহনটি এখনও শনাক্ত করা যায়নি।