চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, ১৬ নভেম্বর থেকে সব ফার্মেসি বন্ধের হুঁশিয়ারি

চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার আতঙ্কে ক্রমেই সংকুচিত হয়ে আসছে খুলনার স্বাস্থ্যসেবা খাতের ব্যবসা। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পর এবার ফার্মেসি মালিকরাও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির প্রতিবাদে নিজেদের পরিচয় গোপন রেখে জেলা প্রশাসক (ডিসি) ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন ফার্মেসি ব্যবসায়ীরা। আগামী তিন দিনের মধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ১৬ নভেম্বর থেকে খুলনার সব ফার্মেসি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ‘খুলনার সাধারণ কেমিস্টবৃন্দ’ ব্যানারে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে পৃথক স্মারকলিপি দেওয়া হয়। চাঁদাবাজদের ভয়ে স্মারকলিপি জমা দেওয়ার সময় ব্যবসায়ীরা কোনো ছবিও তোলেননি। স্মারকলিপিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া না হলে সব ফার্মেসি বন্ধ রাখাসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
স্মারকলিপিতে ব্যবসায়ীরা উল্লেখ করেন, ফার্মেসি ব্যবসার মাধ্যমে সাধারণ মানুষের ওষুধ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। সকাল থেকে মধ্যরাত, এমনকি কোথাও কোথাও সারারাত দোকান খোলা রেখে তারা সেবা দিয়ে আসছেন। কিন্তু সম্প্রতি চয়নিকা ফার্মেসি, মল্লিক ব্রাদার্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের কাছে সন্ত্রাসীরা বড় অঙ্কের চাঁদা দাবি করছে। একই সঙ্গে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। এতে কয়েকটি ফার্মেসি বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকরা। অথচ এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
এর আগে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের সাতরাস্তা মোড়ে ‘জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারী’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়নে পুলিশ প্রশাসনকে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়। অন্যথায় কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
খুলনায় গত এক মাসে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির মুখে চয়নিকা ও মল্লিক ব্রাদার্সসহ অন্তত ১০টি ফার্মেসি বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন। এসব ঘটনায় একাধিক সন্ত্রাসী গোষ্ঠীর নাম সামনে এসেছে।

ভুক্তভোগী ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত অক্টোবরে নগরের রয়েল মোড়ের সিটি কুইন্স ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। ২৪ অক্টোবর বাবু খান রোডের সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক কমপ্লেক্সে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় মুখোশধারী ৮ থেকে ১০ জনের একটি দল। ভাঙচুরের পর ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তারা। পরদিন ২৫ অক্টোবর সন্ধানীর সোনাডাঙ্গা শাখায় সশস্ত্র মহড়া দিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজারকে খোঁজে সাত থেকে আটজন।
এরপর ৪ নভেম্বর নগরের শামসুর রহমান রোডের রংধনু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ৭ নভেম্বর খানজাহান আলী রোডের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারেও চাঁদার দাবিতে হামলা চালানো হয়। ৮ নভেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সুজাত আহমেদের কাছে মুঠোফোনে চাঁদা চেয়ে বার্তা পাঠানোর অভিযোগ ওঠে। টাকা না দিলে ভিন্ন ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়।
সাম্প্রতিক কয়েকটি ঘটনায় শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর নেতৃত্বাধীন ‘বি কোম্পানি’র নাম এসেছে। সন্ধানী ক্লিনিকে চাঁদাবাজির ঘটনায় তাদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। অন্য ঘটনাগুলোয় আরেক শীর্ষ সন্ত্রাসী নুর আজিমের নাম উঠে এসেছে। গত সেপ্টেম্বরের শেষ দিকে জামিনে মুক্তি পান নুর আজিম।
এদিকে নগরের রূপসা স্ট্যান্ড রোডে চাঁদাবাজির আতঙ্কে অন্তত ১০ থেকে ১১টি ওষুধের দোকান বন্ধ রেখেছেন মালিকরা। গত সোমবার থেকে মল্লিক ব্রাদার্স ফার্মেসি বন্ধ রয়েছে। একই এলাকার রূপসা ডেন্টাল কেয়ার, সি এইচ ফার্মা, আমেনা ফার্মেসিসহ আরও কয়েকটি দোকান বন্ধ দেখা গেছে। বুধবারও এসব প্রতিষ্ঠানের অধিকাংশের শাটার বন্ধ ছিল।
মল্লিক ব্রাদার্স ফার্মেসির মালিকের ছোট ভাই মোস্তফা আলী বলেন, সোমবার দুটি মোটরসাইকেলে করে পাঁচ থেকে ছয়জন ব্যক্তি তাদের দোকানে এসে খারাপ ব্যবহার করেন। তারা বলেন, আগে টাকা চাওয়া হয়েছিল, কিন্তু দেওয়া হয়নি। টাকা না দিলে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়।
রূপসা এলাকার একাধিক ফার্মেসি মালিক বলেন, মল্লিক ব্রাদার্সে বড় অঙ্কের চাঁদা দাবি করে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। আমাদের সঙ্গেও এমন ঘটনা ঘটবে না, তার নিশ্চয়তা কী? প্রশাসন নিরাপত্তা নিশ্চিত না করলে দোকান খোলার সাহস পাচ্ছি না। এভাবে আতঙ্কের মধ্যে ব্যবসা চালানো সম্ভব নয়।
বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) খুলনা জেলা শাখার আহ্বায়ক খান মাহাতাব আহমেদ বলেন, কয়েকটি ওষুধের দোকান বন্ধ থাকার বিষয়টি তারা জেনেছেন। তবে সমিতির পক্ষ থেকে দোকান বন্ধ রাখার কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। নগরীতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
