logo

‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’, ভূমি কর্মকর্তার হুমকি

‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’, ভূমি কর্মকর্তার হুমকি
ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে তথ্য চাইতে গেলে সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান নায়েব আবুল কালাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে জমির খারিজসংক্রান্ত তথ্য জানতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন চার সাংবাদিক। তাদের অভিযোগ, তথ্য জানতে চাওয়ায় নায়েব আবুল কালাম ক্ষুব্ধ হয়ে তাদের আটকে রাখার চেষ্টা করেন এবং বেঁধে পেটানো ও জেলে পাঠানোর হুমকি দেন।

এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ওই কর্মকর্তাকে সাংবাদিকদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দিতে শোনা যায়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকেরা হলেন আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান, নাগরিক টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার ফরহাদ, কালের কণ্ঠের আলাদিন সানি এবং সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত।

অভিযোগ অনুযায়ী, দুপুর ২ টার দিকে নিজের বাবার জমির খারিজসংক্রান্ত তথ্য জানতে সদর পৌর ভূমি অফিসে যান অনিক খান। সেখানে গিয়ে নায়েব আবুল কালামকে চা-আড্ডায় ব্যস্ত দেখতে পান তিনি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বেলা তিনটার দিকে নায়েব অফিস থেকে বের হয়ে চলে যাওয়ার সময় তাকে ডেকে প্রয়োজনীয় তথ্য জানতে চান অনিক। এতে ক্ষুব্ধ হন আবুল কালাম।

সাংবাদিকদের অভিযোগ, এরপর অফিসের কর্মচারীদের ডেকে অনিক খানকে ভেতরে রেখে মূল ফটক বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন নায়েব। এ সময় তার সঙ্গে থাকা অন্য সাংবাদিকেরা এর প্রতিবাদ করলে তাদের উদ্দেশে ‘মাস্তানি করতে আইছস’ বলে মন্তব্য করেন আবুল কালাম। একপর্যায়ে সাংবাদিকদের বেঁধে পেটানো এবং জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন তিনি।

ঘটনার ভিডিওতে আবুল কালামকে বলতে শোনা যায়, সাংবাদিকদের বেঁধে পেটাবেন এবং একেবারে জেলে ঢুকিয়ে দেবেন। সরকারি দপ্তরে সাধারণ নাগরিকের তথ্য চাওয়ার পরিপ্রেক্ষিতে একজন কর্মকর্তার এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকেরা।

তবে জমির খারিজের তথ্য চাওয়ার বিষয়ে নায়েব আবুল কালাম বলেন, এখানে কোনো মার্ডার হয়নি, কিসের তথ্য দেব? এখানে কি কোনো মার্ডার হয়েছে? তথ্য চাইলে ডিসি অফিসে আবেদন করে আসবেন।

অনিক খান বলেন, নতুন জরিপের কাজে আমার বাবার জমির খারিজসংক্রান্ত তথ্য প্রয়োজন। সাধারণ ভূমিসেবা ও জমিসংক্রান্ত তথ্য পেতেও যদি তথ্য অধিকার আইনে আবেদন করতে হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে সহজে সরকারি সেবা পাবেন?

এ ঘটনার পাশাপাশি অভিযুক্ত এই নায়েবের বিরুদ্ধে আগেও সাংবাদিককে হেনস্তার অভিযোগ রয়েছে। এশিয়ান টেলিভিশন-এর ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো. আবুল মনসুরের অভিযোগ, কয়েক দিন আগে আহমেদের ঘোষের লেনদেনসংক্রান্ত একটি অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল কালাম তার মুঠোফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। এ সময় তাঁকে শারীরিকভাবেও হেনস্তা করা হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে আবুল কালামের দাবি, সাংবাদিকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। প্রথমে তাদের চিনতে পারিনি।

এ ঘটনার প্রতিকার চাইতে সাংবাদিকেরা ময়মনসিংহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেনের কার্যালয়ে যান। অভিযোগ রয়েছে, এ সময় তিনি নায়েবকে সঙ্গে নিয়ে কার্যালয়ে তালা লাগিয়ে সেখান থেকে চলে যান।

এ বিষয়ে জানতে চাইলে জাকারিয়া হোসেন বলেন, শুনেছি বহিরাগতদের সঙ্গে নায়েবের কথা-কাটাকাটি হয়েছে। সেখানে সাংবাদিক ছিলেন কি না, তা আমার জানা নেই।

অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আপনারা নিজেরাই মীমাংসা করে ফেলেন। এখানে আমাকে অযথা জড়াবেন না।

এ বিষয়ে বক্তব্য জানতে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিম উদ্দিন ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা সাড়া দেননি।