সিলেটে গ্রাহকের ব্যাংক হিসাব থেকে ৩৫ লাখ টাকা উধাও

সিলেট মহানগরীর সোনালী ব্যাংক পিএলসির কোর্ট বিল্ডিং শাখা থেকে গ্রাহকের অজান্তে ডিজিটাল লেনদেনের মাধ্যমে ৩৫ লাখ টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ড. দিলীপ কুমার দাশ চৌধুরী সিলেট জেলা বারের একজন প্রবীণ আইনজীবী এবং শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ।
জানা গেছে, গত ৯ নভেম্বর ২০ হাজার টাকার একটি চেক দিয়ে এক ব্যক্তিকে ব্যাংক থেকে টাকা তুলতে পাঠান ড. দিলীপ কুমার। তবে ব্যাংক থেকে জানানো হয়, তার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। তাৎক্ষণিকভাবে ব্যাংকে গিয়ে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, গত ২ থেকে ৯ নভেম্বরের মধ্যে ই-ওয়ালেট ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবহার করে প্রায় ৪০ দফায় তার অ্যাকাউন্ট থেকে ৩৪ লাখ ৫৯ হাজার ৭৪০ টাকা সরিয়ে নেওয়া হয়েছে।
ভুক্তভোগী অ্যাডভোকেট দিলীপ কুমার জানান, তিনি কখনও কোনো ডিজিটাল ব্যাংকিং অ্যাপ বা ই-ওয়ালেট ব্যবহার করেননি। আজীবন কেবল চেকের মাধ্যমেই লেনদেন করেছেন। এমনকি টাকা স্থানান্তরের বিষয়ে তার মোবাইল ফোনে কোনো এসএমএস বা বার্তাও আসেনি। এ ঘটনায় তিনি সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এবং কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. ওয়ারিসুল ইসলাম জানান, বিষয়টির সঙ্গে ব্যাংকের প্রাতিষ্ঠানিক সুনাম জড়িত থাকায় শাখার পক্ষ থেকে গ্রাহকের খোয়া যাওয়া অর্থ উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় ব্যাংকের নিরাপত্তাব্যবস্থায় কোনো ধরনের ত্রুটি ছিল কি না, তা-ও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কোন কোন অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর হয়েছে, তা শনাক্ত করতে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে। লেনদেনের ডিজিটাল ডেটা সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যাংকের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।