logo

চুয়াডাঙ্গায় সারের গোডাউনে অভিযান, ৪ দিনে জব্দ ৩ হাজার বস্তা

চুয়াডাঙ্গায় সারের গোডাউনে অভিযান, ৪ দিনে জব্দ ৩ হাজার বস্তা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে মজুত করা সারের বস্তা। ছবি: এশিয়া পোস্ট

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পুলিশ। গত চার দিনে প্রায় ৩ হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে।

জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় হুসাইন ট্রেডার্সের বিভিন্ন গোডাউন ও বাড়ি থেকে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৩৭৭ বস্তা সার জব্দ করা হয়।

পুলিশ জানায়, গত চার দিন ধরে অবৈধভাবে মজুত করা সার উদ্ধারে এই অভিযান চলছে। এ পর্যন্ত বিভিন্ন ধরনের প্রায় ৩ হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে। এর আগে গত তিন দিনে একই উপজেলার ভাঙবাড়িয়া গ্রামে মিনারুল স্টোর ও মারফুল ট্রেডার্সের বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে ১ হাজার ৪০৮ বস্তা সরকারি রাসায়নিক সার জব্দ করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, অবৈধ সার উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।