ওষুধ কিনতে গিয়ে ডিবির হাতে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

জামালপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ তূর্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে জামালপুর পৌর শহরের দড়িপাড়া এলাকার বাসা থেকে ওষুধ কেনার জন্য বের হন খালিদ মাহমুদ তূর্য। পরে গেটপাড় এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
খালিদ মাহমুদ তূর্য ২০২২ সালে জামালপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। বর্তমানে তিনি বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।