logo

২৪ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখের ‘কিং’

২৪ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখের ‘কিং’
‘কিং’-এর পোস্টারে শাহরুখ খান। ছবি: শাহরুখ খানের ফেসবুক থেকে

শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। আগামী ২৪ ডিসেম্বর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও ছবিটি মুক্তি দিতে উদ্যোগ নিয়েছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এ লক্ষ্যে সরকারি অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মন্ত্রণালয়ে আবেদনপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও নির্মাতা অনন্য মামুন।

তিনি জানান, বাংলাদেশের দর্শকদের জন্য ‘কিং’ নিয়ে আসতে তাঁরা সর্বোচ্চ চেষ্টা করছেন। এরই মধ্যে প্রয়োজনীয় আবেদন জমা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া গেলেও সিনেমাটি মুক্তির বিষয়টি চূড়ান্ত হবে সরকারি অনুমতি পাওয়ার পর।

জানা গেছে, সাফটা চুক্তির আওতায় ভারত থেকে সিনেমাটি আমদানির পরিকল্পনা রয়েছে। এর বিপরীতে বাংলাদেশি সিনেমা এম এ রাহিম পরিচালিত ‘জংলি’ ভারতে মুক্তি পেতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অনন্য মামুন জানিয়েছেন, শাহরুখ খানের ‘কিং’ সিনেমার বাংলাদেশের অফিসিয়াল পরিবেশক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২৪ ডিসেম্বর থেকেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যেতে পারে সিনেমাটি। তবে এখনো মন্ত্রণালয়ের অনুমোদন না মেলায় মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ শাহরুখ খানের সঙ্গে তাঁর মেয়ে সুহানা খানের অভিনয়। বড় পর্দায় বাবা-মেয়েকে একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও রাঘব জুয়ালসহ অনেকে।