মালয়েশিয়ায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন ৪ পাকিস্তানি গ্রেপ্তার

মালয়েশিয়ায় ডাকাতির অভিযোগে পেনাং পুলিশ সন্দেহভাজন চার পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে দুইজন নারীও রয়েছেন।
মঙ্গলবার পারমাতাং পাউহ এলাকায় একটি পেট্রোল স্টেশনের কাছে ডাকাতির ঘটনায় ৪৩ বছর বয়সি এক পুলিশ সদস্য আহত হন। এমন তথ্য উঠে এসেছে মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যমে।
পেনাংয়ের প্রধান পুলিশ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার ভোরে কুয়ালালামপুরে দুটি পৃথক অভিযানে এই চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। ২৩ থেকে ৩৬ বছর বয়সি এই চার সন্দেহভাজনকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, সন্দেহভাজনরা অত্যন্ত আক্রমণাত্মক আচরণ করে এবং ধারালো ধাতব বস্তু দিয়ে এক পুলিশ সদস্যকে আঘাত করে। এরপর তারা তার ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। যার ফলে প্রায় ১০ হাজার রিঙ্গিত মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।