ফেনী সীমান্তে বিজিবির কড়া নজরদারি

ফেনী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ জন্য সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে ফেনী বিজিবি। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নজরদারি আরও কঠোর করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে দিন-রাত বিশেষ টহল কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত রয়েছে। রাতে নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ফলে দুর্গম ও অন্ধকার এলাকাতেও সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারছে বিজিবি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ফেনীর পরশুরাম উপজেলার কেতরাঙ্গা সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান ফেনী বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসিবুল ইসলাম।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকার সবার প্রতি তার অনুরোধ, অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে। সবার সচেতনতা ও সহযোগিতাই সীমান্তকে আরও নিরাপদ রাখবে।
হাসিবুল ইসলাম বলেন, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে প্রবেশ বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্তে যেকোনো অবৈধ তৎপরতা ঠেকাতে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। কোনো সন্দেহজনক ব্যক্তির চলাচল বা অনুপ্রবেশের চেষ্টা দেখা গেলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। তাই সীমান্ত এলাকায় বসবাসরত সবাইকে অপরিচিত ও সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে বিজিবিকে তথ্য দেওয়া এবং মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন এশিয়া পোস্টকে জানান, বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা সুসংহতকরণ এবং সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি আরও জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ১০২.৯ কিলোমিটার সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান এবং সীমান্ত অতিক্রমসংক্রান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক, সদা প্রস্তুত ও অঙ্গীকারবদ্ধ।