গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আসামি ৪৫৩

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের ১৫৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০০ জনকে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (১১ নভেম্বর) রাতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
তিনি জানান, এ মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপালগঞ্জ শহর ও বিভিন্ন এলাকায় জড়ো হন। এ সময় তাদের হাতে লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
সকাল থেকে শহরের লঞ্চঘাট, বিসিক ব্রিজ, এলজিইডি মোড়, মান্দারতলা, বেদগ্রাম বিশ্বরোড, পল্লীবিদ্যুৎ মোড় এবং সদর উপজেলার কাঠিসহ বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করেন।
এজাহারে অভিযোগ করা হয়, এ সময় কাভার্ডভ্যান, বাস ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ছাড়া গত ৯ নভেম্বর রাতে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে। এজাহারে উল্লেখ করা স্থানগুলোর মধ্যে রয়েছে জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটক।
একই রাতে শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
