শ্রীমঙ্গলে ফিনলের মালিকানাধীন চা বাগান বন্ধ ঘোষণা

ফিনলের ডিনস্টন ডিভিশনের অধীন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের খেজুরীছড়া চা বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) চিফ এক্সিকিউটিভ অফিসার-এস্টেটস স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, ডিনস্টন ডিভিশনের খেজুরীছড়া চা বাগান ও চা কারখানার শ্রমিকেরা গত ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বেআইনিভাবে ধর্মঘট পালন করেছিলেন। এর ধারাবাহিকতায় ১২ নভেম্বরও শ্রমিকেরা কাজে যোগদান করেননি। এ ছাড়া ডিনস্টন চা কারখানা, পলিপ্যাক কারখানা এবং ডিনস্টন সেন্ট্রাল ওয়ার্কশপ/স্টোরে কর্মরত শ্রমিকদের হুমকি-ধমকি দিয়ে কাজ থেকে বের করে দেন।
নোটিশে আরও বলা হয়, বাগানে এ ধরনের অস্থিতিশীল পরিবেশ ও বিশৃঙ্খলার মধ্যে বাগান পরিচালনা অসম্ভব হয়ে পড়েছে। এ কারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (অদ্যাবধি সংশোধিত)-এর ১৩ (১) ধারা অনুযায়ী কোম্পানির নির্দেশক্রমে ১৩ নভেম্বর থেকে খেজুরীছড়া চা বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে পলিপ্যাক কারখানা, ডিনস্টন সেন্ট্রাল ওয়ার্কশপ/স্টোর এবং বাগানের সম্পত্তি রক্ষায় নিয়োজিত শ্রমিক/বাংলো, চৌকিদার, বাংলো, স্টাফ কোয়ার্টার ও মেডিকেল ডিপার্টমেন্টে কর্মরত শ্রমিকেরা (ফিক্সড ওয়ার্কার) এ বন্ধ ঘোষণার আওতামুক্ত থাকবেন।
নোটিশটির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, মৌলভীবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রীমঙ্গল থানা, চা শ্রমিক ইউনিয়ন এবং খেজুরীছড়া চা বাগান পঞ্চায়েত কমিটিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
এদিকে বাগান বন্ধ ঘোষণার বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, কার্তিক মাস উপলক্ষে বাগানের সনাতন ধর্মাবলম্বী চা শ্রমিকেরা ঐতিহ্যগতভাবে নামকীর্তনের আয়োজন করে আসছেন। কিন্তু এবার বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হুমায়ুন মজুমদার ওই ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেন এবং মন্দিরটি অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেন বলে অভিযোগ করেছেন শ্রমিকেরা।
শ্রমিকদের দাবি, বংশপরম্পরায় চলে আসা ধর্মীয় আচার-অনুষ্ঠানে এ ধরনের হস্তক্ষেপ তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। মন্দির সরানোর নির্দেশ ও ধর্মীয় ঐতিহ্যের ওপর হস্তক্ষেপের প্রতিবাদে তারা ডিজিএমকে বাগান থেকে প্রত্যাহারের এক দফা দাবিতে আন্দোলন শুরু করেন। সেই আন্দোলন থেকেই চা বাগানটিতে শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ফিনলের কোনো পদস্থ কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সদ্য সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্দ বলেন, নির্বাচনি কাজে ব্যস্ত থাকায় বিষয়টি নিয়ে কোনো পক্ষের সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। তবে এই ডিভিশন বন্ধ ঘোষণার ঘটনায় তারা উদ্বিগ্ন। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। তারা এ বিষয়ে কাজ করবেন।