logo

যশোরে জজ ও ম্যাজিস্ট্রেট আদালতে ককটেল বিস্ফোরণ

যশোরে জজ ও ম্যাজিস্ট্রেট আদালতে ককটেল বিস্ফোরণ
যশোর জজ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন করছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। ছবি: এশিয়া পোস্ট

যশোরে পৃথক দুটি আদালত প্রাঙ্গণে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে প্রথমে যশোর জজ আদালতের প্রাচীর লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সোয়া ৮টার দিকে যশোর প্রেসক্লাবের বিপরীতে অবস্থিত জজ আদালতের প্রাচীর লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সড়কে চলাচলরত লোকজন থমকে দাঁড়ান।

হৃদয় নামে এক ইজিবাইকচালক জানান, রাত সাড়ে আটটার দিকে তিনি সিভিল কোর্ট মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পরপর দুটি বিকট শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে আদালতের প্রাচীরে বিস্ফোরণের চিহ্ন দেখতে পান। তবে কারা ককটেল নিক্ষেপ করেছে, তা তিনি দেখেননি।

খবর পেয়ে যশোর জেলা পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক (এসআই) নুর ইসলাম ঘটনাস্থলে যান। তিনি আদালতের দেয়ালে লেগে থাকা বিস্ফোরিত ককটেলের জর্দার কৌটার টুকরা সংগ্রহ করেন। নুর ইসলাম জানান, বিস্ফোরণের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্যসচিব আনসারুল হক রানা। এ সময় এম তমাল আহমেদ বলেন, রাষ্ট্রকে অস্থিতিশীল করতে একটি চক্র সারা দেশে বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। যশোরের বিভিন্ন স্থাপনাতেও আগুন ও বোমা হামলার ঘটনা ঘটানো হচ্ছে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান মোল্লা বলেন, সন্ধ্যার পর প্রেসক্লাবের বিপরীতে জজ আদালতের প্রাচীরে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে জজ আদালতে বিস্ফোরণের কিছুক্ষণ পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরেও একটি ককটেল বিস্ফোরিত হয়। ককটেলটি আদালতের বিচারকদের গাড়ি রাখার স্থানে পড়ে বিস্ফোরিত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ধরনের অপতৎপরতা চালাচ্ছে। হামলায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।