আমিরাতের ফুজাইরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের মধ্যে ভয়াবহ এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় মোট ২৩টি যানবাহন জড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই জরুরি সেবা সংস্থা ও বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রকাশিত সংখ্যাগুলো প্রাথমিক তথ্যের ভিত্তিতে দেওয়া। ফুজাইরাহ পুলিশ জানায়, আমিরাতের প্রবেশমুখে শেখ খলিফা বিন জায়েদ সড়কে একটি ট্রাকের সঙ্গে একাধিক যানবাহনের সংঘর্ষ হয়। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।
আমিরাতের সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, ধীরগতির যানজটের মধ্যে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে প্রথমে একটি গাড়িকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি পাশ কেটে আরও কয়েকটি যানবাহনে আঘাত করে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।
নিহত ও আহতদের পরিচয় এবং তাঁদের মধ্যে প্রবাসী বাংলাদেশি আছেন কি না, তা এখনো জানা যায়নি। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।