logo

‘সম্পূর্ণ ভিত্তিহীন’, খাজার অভিযোগ উড়িয়ে দিলেন কামিন্স

‘সম্পূর্ণ ভিত্তিহীন’, খাজার অভিযোগ উড়িয়ে দিলেন কামিন্স
প্যাট কামিন্স। ছবি: গেটি ইমেজ

আট বছর আগের স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে আবারও উত্তাল অস্ট্রেলিয়ান ক্রিকেট। সাবেক ওপেনার উসমান খাজার আত্মজীবনীতে ওঠা অভিযোগ এবার সরাসরি প্রত্যাখ্যান করলেন টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। তার দাবি, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে তিনি কিছুই জানতেন না। শুধু তা-ই নয়, তিনি এবং দলের অন্য ক্রিকেটাররা মিলে ওই পরিকল্পনা করেছিলেন বলে খাজার অভিযোগকেও ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।

শুক্রবার (১৩ নভেম্বর) সিডনির অলিম্পিক পার্কে ক্রিকেট সেন্ট্রালে প্রায় ৭০ মিনিটের সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেন কামিন্স। দীর্ঘদিনের সতীর্থের অভিযোগ নিয়ে কথা বলতে গিয়ে ক্ষোভ ও হতাশাও প্রকাশ করেন তিনি।

সম্প্রতি প্রকাশিত আত্মজীবনী 'সবর'-এ খাজা দাবি করেছেন, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন। অথচ পুরো ঘটনার দায় মূলত তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফটের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল।

তবে কামিন্সের বক্তব্য সম্পূর্ণ বিপরীত। তিনি বলেন, ‘খাজা যখন বলেন, আমরা সবাই জানতাম, তিনি যদি বোঝাতে চান যে স্যান্ডপেপার মাঠে নেওয়ার বিষয়টি আমাদের সবার জানা ছিল, তাহলে সেটি শতভাগ ভুল। গত আট বছর ধরে আমি একই কথা বলে আসছি। কী ঘটছিল, তা আমার জানা ছিল না।’

শুধু আগে থেকে জানার অভিযোগই নয়, বল বিকৃতির পরিকল্পনায় নিজের সম্পৃক্ততার দাবিও উড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।

কামিন্স বলেন, ‘খাজা আরও গুরুতর কিছু কথা বলেছেন। তার দাবি, আমি এবং অন্যরা স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলাম। এটি সম্পূর্ণ ভিত্তিহীন।’

তার মতে, স্যান্ডপেপার ব্যবহারের জন্য পুরো দলের সম্মিলিত কোনো পরিকল্পনা ছিল না। এ নিয়ে আনুষ্ঠানিক আলোচনার কথাও অস্বীকার করেন তিনি।

কামিন্স বলেন, ‘অবৈধ উপায় ব্যবহারের কোনো বড় পরিকল্পনা ছিল না। কোনো দলীয় বৈঠক হয়নি। বোলাররাও একসঙ্গে বসে এমন কিছু করার সিদ্ধান্ত নেননি।’

সংবাদ সম্মেলনে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি ছিল ব্যানক্রফটকে নিয়ে খাজার নিজের স্বীকারোক্তি। আত্মজীবনীতে খাজা জানিয়েছেন, স্যান্ডপেপার ব্যবহারের সময় সতর্ক থাকতে ব্যানক্রফটকে বলেছিলেন তিনি।

এই তথ্য জেনে বিস্মিত হয়েছেন কামিন্স। তার প্রশ্ন, বিষয়টি সম্পর্কে জানার পরও খাজা কেন তখনই সেটি বন্ধ করার চেষ্টা করেননি?

অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেন, ‘এই সপ্তাহে যখন জানতে পারলাম, খাজা নিজেই স্বীকার করেছেন যে স্যান্ডপেপার ব্যবহারের সময় ব্যানক্রফটকে সতর্ক থাকতে বলেছিলেন, তখন সত্যিই বিস্মিত হয়েছি। আমি যে খাজাকে চিনি, সে এমন নয়।’

কামিন্সের মতে, গত আট বছরে অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতি বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খাজা। তার কাছ থেকে এমন স্বীকারোক্তি তাই প্রত্যাশা করেননি তিনি।

তবে সাবেক সতীর্থের নিজের অভিজ্ঞতা প্রকাশের অধিকারকে সম্মান করেন কামিন্স। কিন্তু অন্যের জীবন ও সুনামকে প্রভাবিত করতে পারে এমন বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

কামিন্স বলেন, ‘খাজা আমার বন্ধু। কিন্তু বন্ধুরা একে অন্যের জীবন ও সুনামের বিষয়ে এমন হালকাভাবে আচরণ করে না। বইয়ে খাজা আমার জীবন, আরও অনেকের জীবন এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটের সুনামকে যথেষ্ট গুরুত্ব দেননি।’

খাজার অভিযোগের পর আইনি পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নিয়েও প্রশ্নের মুখে পড়েন কামিন্স। জানান, কিছু বক্তব্য মানহানিকর হতে পারে বলে তাকে পরামর্শ দেওয়া হয়েছে। তবে সাবেক সতীর্থের বিরুদ্ধে আদালতে যাওয়ার ইচ্ছা নেই তার।

অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেন, ‘কিছু বক্তব্য সম্ভবত মানহানিকর হতে পারে বলে আমাকে জানানো হয়েছে। কিন্তু আমি সেই পথে যাব না। আট বছর হয়ে গেছে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

২০১৮ সালের মার্চে কেপটাউন টেস্টে ব্যানক্রফট স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতি করতে গিয়ে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েন। তদন্তের পর স্মিথ ও ওয়ার্নারকে ১২ মাস এবং ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

তবে সেই তদন্তের যথার্থতা নিয়েই প্রশ্ন তুলেছেন খাজা। তার দাবি, কেপটাউনে ঘটনার সময় ব্যানক্রফটের পাশে থাকার পরও তদন্তকারীরা তার বক্তব্য নেননি। অন্যদিকে কামিন্স জানিয়েছেন, তদন্তে তাকে যেসব প্রশ্ন করা হয়েছিল, সবগুলোর সত্য উত্তর দিয়েছিলেন তিনি। নিজের বক্তব্যও কখনো পরিবর্তন করেননি।

এদিকে কামিন্সের প্রকাশ্য প্রতিবাদের পরও খাজার পাশেই রয়েছেন ডেভিড ওয়ার্নার। শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে ম্যাচের আগে ধারাভাষ্য দেওয়ার সময় সাবেক সতীর্থের বক্তব্যকে আবারও সমর্থন করেন তিনি।

ওয়ার্নারের দাবি, খাজা তার বইয়ে যা লিখেছেন, তা সত্য। একই সঙ্গে কামিন্সের প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করে তিনি অভিযোগ করেন, অধিনায়ক খাজাকেই নতুন করে বিপদে ফেলেছেন।

তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এখনো নতুন করে তদন্ত শুরুর প্রয়োজন দেখছে না। বোর্ডের প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ আগেই জানিয়েছেন, পুরোনো তদন্ত আবার শুরু করার মতো জোরালো কারণ পাওয়া যায়নি।

ফলে আট বছর আগের সেই ঘটনা নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অবস্থান যে এখনো এক নয়, সেটি আরও স্পষ্ট হয়ে উঠেছে। খাজা যেখানে পুরো দলের দায় স্বীকারের কথা বলছেন, কামিন্স সেখানে নিজের সম্পৃক্ততা ও আগে থেকে জানার অভিযোগ অস্বীকার করছেন। আর ওয়ার্নারের প্রকাশ্য সমর্থন পুরোনো বিতর্ককে নতুন করে সামনে নিয়ে এসেছে।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট