logo

কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকি, ৭ কোটি রুপি চাঁদা দাবি

কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকি, ৭ কোটি রুপি চাঁদা দাবি
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তার মেয়ে হর্ষিতা কেজরিওয়াল। কোলাজ ছবি

ভারতের আলোচিত রাজনীতিবিদ ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তার মেয়ে হর্ষিতাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে এ হুমকি দেওয়া হয় এবং ফোনে ৭ কোটি রুপি দাবি করা হয়।

এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হলেও পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে এটি একটি সাজানো ঘটনা বলেই প্রতীয়মান হচ্ছে।

দিল্লির তিলকনগর আসনের আপ বিধায়ক জারনাইল সিংয়ের কাছে প্রথম এই হুমকি আসে। ফোন ও হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আসা ওই হুমকি পেয়ে গত ৬ নভেম্বর তিনি মোহালির এসএসপি কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানানো হয়, হুমকিদাতা নিজেকে আন্তর্জাতিক অপরাধী চক্র লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য দাবি করে। সে সাফ জানিয়ে দেয়, ৭ কোটি রুপি না পেলে অরবিন্দ কেজরিওয়াল ও তার কন্যা হর্ষিতাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে।

এই ঘটনার পর আপ বিধায়ক কেজরিওয়াল ও তার পরিবারের জন্য অবিলম্বে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে মোহালি পুলিশ দ্রুততার সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ও আইটি আইনে মামলা দায়ের করে। সাইবার ক্রাইম ইউনিটের কর্মকর্তা সুনীল কুমারের নেতৃত্বে শুরু হয় বিশেষ তদন্ত।

হুমকিদাতা যে নম্বরটি ব্যবহার করেছে, সেটির কল ডিটেইল রেকর্ড (সিডিআর), ইন্টারনেট প্রোটোকল লগ এবং ভৌগোলিক অবস্থান (লোকেশন ডাটা) বিশ্লেষণ করছেন সাইবার বিশেষজ্ঞরা।

এদিকে তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পাঞ্জাব পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, তদন্তের প্রাথমিক পর্যায়ে এটি কোনো পেশাদার গ্যাংয়ের কাজ নয় বলেই মনে হচ্ছে। বরং এটি একটি সাজানো ঘটনা হতে পারে।

এ ঘটনায় হরিয়ানার রোহতাক থেকে একজন অবসরপ্রাপ্ত করণিককে আটক করা হয়েছে। আটক ওই ব্যক্তির সঙ্গে কোনো গ্যাংস্টার বা অপরাধী নেটওয়ার্কের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

উল্লেখ্য, ৫৮ বছর বয়সী অরবিন্দ কেজরিওয়াল এর আগেও ২০১৯ সালে দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। সে সময় তার দপ্তরে ইমেইল পাঠিয়ে হুমকি দেওয়ার পর পুলিশি তদন্ত শুরু হয়েছিল।