logo

স্যান্ডপেপার বিতর্কে উত্তাল অস্ট্রেলিয়া, সব প্রশ্নের জবাব দেবেন কামিন্স

স্যান্ডপেপার বিতর্কে উত্তাল অস্ট্রেলিয়া, সব প্রশ্নের জবাব দেবেন কামিন্স
প্যাট কামিন্স। ছবি: গেটি ইমেজ

আট বছর আগের স্যান্ডপেপার কেলেঙ্কারি আবারও অস্বস্তিতে ফেলেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটকে। উসমান খাজার আত্মজীবনীতে উঠে আসা বিস্ফোরক অভিযোগের পর এবার সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। শুক্রবার (১৩ নভেম্বর) সিডনিতে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করবেন তিনি। অথচ তার আগের দিন একই ঘটনা নিয়ে একের পর এক প্রশ্নের মুখে পড়েও নিজের অভিজ্ঞতা জানাতে রাজি হননি অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক মিচেল মার্শ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পার্থে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগের সংবাদ সম্মেলনে হাজির হন মার্শ। শুক্রবার শুরু হতে যাওয়া সিরিজ নিয়ে কথা বলার কথা থাকলেও শুরুতেই ফিরে আসে ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের বিতর্কিত ঘটনা।

প্রথম প্রশ্নেই মার্শের কাছে জানতে চাওয়া হয়, সেবার স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনার কথা তিনি জানতেন কি না। প্রশ্ন শুনে সরাসরি উত্তর না দিয়ে রসিকতার আশ্রয় নেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

হেসে মার্শ বলেন, ‘প্রথম বলেই ছক্কা মেরে দিলেন দেখছি! দারুণ করেছেন।’

এরপর অবশ্য নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। জানান, পুরোনো ঘটনা নিয়ে আপাতত কোনো কথা বলতে চান না।

মার্শ বলেন, ‘অনেকে নিজেদের গল্প বলেছেন, সেটিকে আমি সম্মান করি। কিন্তু আজ আমি আমার গল্প বলতে আসিনি। শুনতে অদ্ভুত লাগতে পারে, তবে আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ। আমার মনোযোগ আগামীকালের ম্যাচের প্রস্তুতিতে।’

২০১৮ সালের কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে ছিলেন মার্শ। ক্যামেরন ব্যানক্রফট যখন স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতি করতে গিয়ে ধরা পড়েন, তখন বোলিং করছিলেন তিনি। ফলে সেই ঘটনার প্রত্যক্ষ অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান সাংবাদিকেরা।

কিন্তু বারবার প্রশ্ন করা হলেও নিজের স্মৃতিচারণায় যেতে রাজি হননি মার্শ। জানিয়েছেন, ব্যক্তিগতভাবে ঘটনাটি পেছনে ফেলে এসেছেন তিনি।

তার ভাষায়, ‘আমি ব্যক্তিগতভাবে বিষয়টি পেছনে ফেলে এসেছি। অন্যরা হয়তো এখনো পারেননি, সেটিও সম্মান করি। কিন্তু আমি পেরেছি এবং আশা করি, আমার সিদ্ধান্তকেও সম্মান করা হবে।’

খাজার আত্মজীবনী প্রকাশের আগে তার সঙ্গে কথা হয়েছিল বলেও নিশ্চিত করেছেন মার্শ। তবে দুজনের ব্যক্তিগত আলোচনার বিষয়বস্তু প্রকাশ করেননি। সাবেক সতীর্থের বক্তব্য নিয়েও কোনো ক্ষোভ নেই তার।

মার্শ বলেন, ‘খাজা নিজের গল্প বলেছেন, বই লিখেছেন। আমি সেটিকে সম্মান করি। প্রত্যেকেরই নিজস্ব গল্প আছে। কেউ বলতে চাইবেন, কেউ হয়তো চাইবেন না। একসময় আমাদের সবারই বিষয়টি পেছনে ফেলে এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ।’

এদিকে মার্শ যেখানে নিজের অভিজ্ঞতা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন, সেখানে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক কামিন্স।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, শুক্রবার সকালে সিডনির ক্রিকেট সেন্ট্রালে অনুশীলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

কামিন্স লিখেছেন, ‘এই সপ্তাহের ঘটনা নিয়ে যেকোনো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে প্রস্তুত আমি। খাজার অভিযোগগুলোর পূর্ণাঙ্গ বিষয়বস্তু এবং ব্যাপ্তি ভালোভাবে বোঝার জন্য কিছুটা সময় নিয়েছি, যেন যথাযথভাবে উত্তর দিতে পারি।’

অস্ট্রেলীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৯টায় সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা কামিন্সের। বাংলাদেশ সময় তখন ভোর সাড়ে ৪টা।

সম্প্রতি প্রকাশিত আত্মজীবনী 'সবর'-এ খাজা দাবি করেছেন, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে শুধু শাস্তি পাওয়া তিন ক্রিকেটার নন, দলের অন্যরাও অবগত ছিলেন। এমনকি কেপটাউনে ধরা পড়ার আগের টেস্টে পোর্ট এলিজাবেথেও স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ তার।

কেপটাউনের সেই ঘটনায় ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাস এবং তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। অন্য কোনো ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়নি।

অন্যদিকে ২০২১ সালে কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন, কেপটাউন টেস্টে বল বিকৃতির উদ্দেশ্যে কোনো বাইরের বস্তু মাঠে নেওয়ার বিষয়টি টেলিভিশনের বড় পর্দায় দেখার আগে তাদের জানা ছিল না। মঙ্গলবারও সেই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন স্টার্ক।

খাজার বক্তব্যকে সমর্থন দিয়েছেন ডেভিড ওয়ার্নার। একই সফরের সদস্য সাবেক পেসার চ্যাড সেয়ার্সও তার অভিযোগকে সঠিক বলে মন্তব্য করেছেন। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া নতুন করে তদন্ত শুরুর প্রয়োজন দেখছে না। বোর্ডের প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ আগেই জানিয়েছেন, পুরোনো তদন্ত আবার শুরুর মতো জোরালো কারণ পাওয়া যায়নি।

এমন পরিস্থিতিতে কামিন্সের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, অধিনায়ক হিসেবে কামিন্সের সততা ও নেতৃত্বের ওপর বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে। নতুন বিতর্কের কারণে তার অধিনায়কত্বও হুমকিতে পড়ছে না।

তবে খাজার বর্ণনার সঙ্গে চার বোলারের আগের বক্তব্যের গুরুত্বপূর্ণ পার্থক্য এখনো রয়ে গেছে। খাজা যেখানে পুরো দলের সম্মিলিত দায়ের কথা বলেছেন, সেখানে বোলারদের দাবি ছিল, কেপটাউনে বল বিকৃতির উদ্দেশ্যে বাইরের বস্তু মাঠে নেওয়ার বিষয়ে তারা অবগত ছিলেন না।

মার্শ নিজের অভিজ্ঞতা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। স্টার্কও আগের অবস্থানে অনড়। ফলে আট বছরের পুরোনো বিতর্কে নতুন কোনো ব্যাখ্যা পাওয়া যাবে কি না, সেই প্রশ্ন নিয়েই এখন কামিন্সের সংবাদ সম্মেলনের অপেক্ষা।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট