ইয়ামালকে ছাড়াই স্পেনের টানা পঞ্চম জয়, এবার সামনে ইংল্যান্ড

লামিন ইয়ামাল নেই, নেই মিকেল ওয়ারসাবালও। তবু জয়ের ধারায় কোনো ছেদ পড়েনি স্পেনের। চেক প্রজাতন্ত্রের মাঠে ২-০ গোলের জয় তুলে নিয়ে উয়েফা নেশন্স লিগে টানা পঞ্চম ম্যাচ জিতেছে বিশ্বচ্যাম্পিয়নরা। পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে লুইস দে লা ফুয়েন্তের দল। এবার গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে তাদের সামনে ইংল্যান্ড।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রাগের লেতনা স্টেডিয়ামে স্বাগতিক চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হয় স্পেন। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন আলেক্স বায়েনা। যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন মার্ক পুবিল।
ম্যাচের আগে গুরুত্বপূর্ণ দুই আক্রমণভাগের ফুটবলার ইয়ামাল ও ওয়ারসাবালকে না পাওয়া স্পেনের জন্য বড় ধাক্কা ছিল। হাঁটুর চোটের কারণে বার্সেলোনাতেই থেকে যান ইয়ামাল। অন্যদিকে অসুস্থতা ও ব্যক্তিগত কারণে দলে যোগ দিতে দেরি হয় ওয়ারসাবালের।
তবে তাদের অনুপস্থিতিতেও শুরু থেকে বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখে সফরকারীরা। চার ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা, হালকা বৃষ্টি এবং স্বাগতিক সমর্থকদের চাপের মধ্যেও নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে থাকে স্পেন।
অন্যদিকে রক্ষণ সুসংগঠিত রেখে পাল্টা আক্রমণে সুযোগ খুঁজছিল চেকরা। প্রথম আধঘণ্টায় একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না স্পেন। মার্ক কুকুরেয়া ও ফেরান তোরেসের প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়।
অবশেষে ৩৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। চেক প্রজাতন্ত্রের লুকাশ আমব্রোস নিজেদের বক্সে বল হাত দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন বায়েনা। চলতি নেশন্স লিগে এটি তার পঞ্চম গোল।
বিরতির আগে ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল স্পেন। তবে ফাবিয়ান রুইজের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। ফলে এক গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও বল জালে পাঠায় স্পেন। ৪৮ মিনিটে ইয়েরেমি পিনোর দুর্দান্ত প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে চেকিয়া। ৬৮ মিনিটে স্বাগতিকদের আদাম হ্লোজেকের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। এতে সমতায় ফেরার বড় সুযোগ হাতছাড়া হয় তাদের।
চার মিনিট পরই আরও বড় ধাক্কা খায় স্বাগতিকরা। গোলের পরিষ্কার সুযোগ নষ্ট করার মতো ফাউল করায় ভিএআর পর্যালোচনার পর সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার লাদিস্লাভ ক্রেইচি। ফলে ম্যাচের শেষ অংশে দশজন নিয়ে খেলতে হয় চেকিয়াকে।
সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে আক্রমণের চাপ আরও বাড়ায় স্পেন। যদিও দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় যোগ করা সময় পর্যন্ত।
৯০ মিনিটের পর ষষ্ঠ মিনিটে রবের্তো ফের্নান্দেসের শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বল জালে পাঠান বদলি হিসেবে নামা মার্ক পুবিল। তাঁর গোলেই ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে সফরকারীরা।
পুরো ম্যাচে বলের দখল ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল স্পেন। প্রায় ৭০ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে ২২টি শট নেয় তারা। বিপরীতে চেকিয়ার শট ছিল ১৩টি।
এই জয়ের মধ্য দিয়ে সব প্রতিযোগিতামূলক ম্যাচ মিলিয়ে টানা ৪৪ ম্যাচ অপরাজিত থাকল বিশ্বচ্যাম্পিয়নরা। চলতি নেশন্স লিগেও পাঁচ ম্যাচের সব কটিতে জিতেছে তারা।
গ্রুপ এ-৩-এ পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন। একই দিনে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। দুই দলই ইতোমধ্যে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।
তবে গ্রুপসেরা হওয়ার লড়াই এখনো বাকি। আগামী রোববার (১৫ নভেম্বর) মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড। সেই ম্যাচে অন্তত ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে দে লা ফুয়েন্তের দল। অন্যদিকে শীর্ষে উঠতে জয় ছাড়া বিকল্প নেই ইংল্যান্ডের।
-daa496.webp)
-b6f75f.webp)