logo

ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ এক বছর বাড়াল জাতিসংঘ

ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ এক বছর বাড়াল জাতিসংঘ
ইয়েমেনের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ছবি: আনাদোলু এজেন্সি

ইয়েমেনের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সর্বসম্মতিক্রমে এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে পরিষদ।

নতুন প্রস্তাব অনুযায়ী, তালিকাভুক্ত ইয়েমেনি ব্যক্তিদের ওপর নির্দিষ্ট আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা ২০২৭ সালের ১৪ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

একই সঙ্গে ইয়েমেনের কয়েকজন ব্যক্তিকে নতুন করে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবে হুতি গোষ্ঠীর সামুদ্রিক হামলা, সৌদি আরবের ওপর সীমান্তপারের আক্রমণ এবং বাণিজ্যিক জাহাজের প্রতি হুমকির নিন্দা জানানো হয়েছে।

এ ছাড়া নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ ও এ-সংক্রান্ত প্রতিবেদন তৈরির দায়িত্বে থাকা ইয়েমেনবিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদও বাড়ানো হয়েছে। যুক্তরাজ্যের সমর্থনে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, প্যানেলটির কার্যক্রম ২০২৭ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতি গোষ্ঠীর মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা শুরু হয়। এতে প্রায় ১২ হাজার মানুষ নিহত অথবা আহত হয়েছেন।

২০২২ সালের এপ্রিল থেকে দেশটিতে যে আপেক্ষিক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল, নতুন করে সংঘাত শুরু হওয়ায় তার অবসান ঘটে। চলমান লড়াই ও বাস্তুচ্যুতির কারণে ইয়েমেনের মানবিক সংকট আরও গভীর হয়েছে।

২০১৪ সালের সেপ্টেম্বরে হুতি গোষ্ঠী রাজধানী সানা এবং দেশটির বেশ কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই ইয়েমেনে যুদ্ধ চলছে। পরবর্তী সময়ে ২০১৫ সালের মার্চে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি আরব জোট দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে।

দীর্ঘদিনের এই সংঘাতে ইয়েমেনের নিরাপত্তা, অর্থনীতি ও মানবিক পরিস্থিতি এখনো সংকটের মধ্যে রয়েছে।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট