logo

মসলার নামে হংকং থেকে ৩০ কেজি সিসা আমদানি, গ্রেপ্তার ৩

মসলার নামে হংকং থেকে ৩০ কেজি সিসা আমদানি, গ্রেপ্তার ৩
মো. সোলায়মান আহমেদ শুভ, মো. শাকিল আহমেদ ও মো. মেহেদী হাসান (বাঁ থেকে)। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

হংকং থেকে মসলার আড়ালে আমদানি করা হয়েছিল ৩০ কেজি অবৈধ সিসা। দুই মাসের গোয়েন্দা নজরদারি ও অভিযানে এই আমদানি চক্রের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় আমদানিকারক, সরবরাহকারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ৩০ কেজি সিসা। এ ছাড়া চক্রের আরও কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

গ্রেপ্তার তিনজন হলেন, মো. সোলায়মান আহমেদ শুভ (৩১), মো. শাকিল আহমেদ ও মো. মেহেদী হাসানকে (৪৬)।

শুক্রবার (১৩ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ নভেম্বর রাতে রাজধানীর বংশাল থানাধীন নর্থ সাউথ রোডে আস-সুন্নাহ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় মো. সোলায়মান আহমেদ শুভ নামের একজনকে আটক করেন ডিএনসির বিভাগীয় গোয়েন্দারা। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে তল্লাশি চালিয়ে তিনটি কার্টনে রাখা আল-ফকির ব্র্যান্ডের ৩০ কেজি সিসা জব্দ করা হয়।

ডিএনসির গোয়েন্দা সূত্র জানায়, প্রায় দুই মাস ধরে নজরদারি করে সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি দল সিসা আমদানির সঙ্গে জড়িতদের শনাক্ত করে। পরে গোয়েন্দা সদস্যরা ক্রেতা সেজে পাঁচ কেজি সিসার অর্ডার দেন। ওই অর্ডার ঘিরে আমদানি ও সরবরাহের পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হয়। একপর্যায়ে সিসা সংগ্রহ করতে গিয়ে পাঁচ কেজির পাশাপাশি আমদানি করা আরও ২৫ কেজির সন্ধান মেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, উত্তরা পূর্ব থানাধীন সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক মো. শাকিল আহমেদের কাছ থেকে তিনি এসব সিসা সংগ্রহ করেছেন। তার তথ্যের ভিত্তিতে ১২ নভেম্বর সকালে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় সিসা সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

পরে শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ১১ নম্বর সেক্টরে ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রতিষ্ঠানটির মালিক মো. মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, এজেন্টের মাধ্যমে হংকং থেকে সিসা আমদানি করে শাকিল আহমেদের কাছে সরবরাহ করতেন। শাকিলের মাধ্যমে সেগুলো পৌঁছাত সোলায়মানের কাছে।

গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মুঠোফোন ও সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে সালমান নিবিড় (২৬) নামের আরও একজনের সঙ্গে সিসা কেনাবেচা ও আর্থিক লেনদেনের তথ্য পেয়েছেন তদন্তকারীরা। সোলায়মানের দাবি, সালমানসহ তারা দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগসাজশে এই ব্যবসা পরিচালনা করে আসছিলেন। চক্রে আরও কয়েকজন জড়িত রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সালমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মসলার আড়ালে কীভাবে হংকং থেকে এসব শিশা দেশে আনা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আমদানির সময় কাস্টমসের শুল্ক ও ভ্যাট পরিশোধের প্রক্রিয়াও তদন্তের আওতায় রয়েছে। বৈধ আমদানির কাগজপত্র ব্যবহার করে অবৈধ মাদকদ্রব্য দেশে আনা হয়েছিল কি না, সেটিও অনুসন্ধান করা হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বংশাল থানায় মামলা করা হয়েছে। মামলাটি ডিএনসির কর্মকর্তারা তদন্ত করছেন। পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি আমদানি প্রক্রিয়ায় জড়িত অন্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে।