চোট নিয়েও ব্রাজিলের হয়ে খেলতে চান রাফিনিয়া, দিলেন বিতর্কের জবাব
-e36e22-720x405.webp)
বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেননি। জাতীয় দলের জার্সিতে পারফরম্যান্স নিয়েও কম সমালোচনা হয়নি। এর মধ্যেই চোটের কারণে খেলার সময় নিয়ন্ত্রণের কথা বলে নতুন বিতর্কে জড়িয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। অনেকে প্রশ্ন তুলেছেন ব্রাজিলের প্রতি তার দায়বদ্ধতা নিয়েও। এবার সেই সমালোচনার জবাব দিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। জানিয়ে দিলেন, সুযোগ পেলে জাতীয় দলের প্রতিটি ম্যাচেই খেলতে চান তিনি। তার কাছে ব্রাজিলই বিশ্বের সবচেয়ে বড় জাতীয় দল।
শনিবার (১৪ নভেম্বর) সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে হাজির হন রাফিনিয়া। সেখানে জাতীয় দলের প্রতি নিজের দায়বদ্ধতা, সাম্প্রতিক চোট, বিশ্বকাপের হতাশা এবং কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে আলোচনা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
জাতীয় দলের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে রাফিনিয়া বলেন, ‘এটি বিশ্বের সবচেয়ে বড় জাতীয় দল, কোনো সন্দেহ নেই। পুরো একটি জাতির প্রত্যাশা আমাদের কাঁধে। সবাই চায় ব্রাজিল জিতুক, ভালো খেলুক। ফলাফল ভালো না হলে আমাদের সমালোচনা হতেই পারে।’
সমালোচনা যে সবসময় সহজে নিতে পারেন না, সেটিও স্বীকার করেছেন বার্সেলোনা তারকা।
রাফিনিয়া বলেন, ‘সমালোচনা আমাদের প্রভাবিত করবে না, এমনটা বলা কঠিন। আমরাও মানুষ। যতই চেষ্টা করি না কেন, এসবের প্রভাব পড়া স্বাভাবিক। নিজের সর্বোচ্চটা দেওয়ার পরও যখন এত আক্রমণ আসে, তখন খারাপ লাগবেই।’
সাম্প্রতিক বিতর্কের সূত্রপাত জাতীয় দলের হয়ে খেলার সময় নিয়ন্ত্রণ নিয়ে রাফিনিয়ার একটি মন্তব্য থেকে। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হওয়ার পথে থাকা এই উইঙ্গার বলেছিলেন, আনচেলত্তিকে তার খেলার সময় বিবেচনা করতে হবে। সেই বক্তব্যের পর অনেকেই মনে করেছিলেন, জাতীয় দলের চেয়ে বার্সেলোনাকে বেশি গুরুত্ব দিতে চান তিনি।
তবে সেই ধারণা উড়িয়ে দিয়েছেন রাফিনিয়া। জানিয়েছেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।
ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘আমি সব ম্যাচ খেলতে চাই, যত বেশি সম্ভব মিনিট মাঠে থাকতে চাই। তবে শরীরকে সেই সুযোগ দিতে হবে। শারীরিকভাবে ঠিক থাকলে নিজের সর্বোচ্চটা দেব।’
জাতীয় দলের প্রতি নিজের দায়বদ্ধতা নিয়ে কোনো সংশয় থাকার সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।
রাফিনিয়ার ভাষায়, ‘প্রথমবার জাতীয় দলের জার্সি পরার পর থেকেই এখানে থাকার ইচ্ছা পরিষ্কার করেছি। জাতীয় দলের হয়ে খেলার সুযোগ কখনো ছেড়ে দিইনি। এখানে আসার জন্য নিজের পক্ষে যা সম্ভব, সবকিছু করেছি। এটি সবসময় আমার জন্য সম্মান ও গর্বের বিষয়।’
গত কয়েক মাসে বারবার চোটে পড়েছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। বিশেষ করে ডান ঊরুর পেশিতে একাধিকবার সমস্যা দেখা দেওয়ায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বার্সেলোনা ও ব্রাজিল, দুই দলের মধ্যেই।
চলতি বছরের বিশ্বকাপেও শতভাগ ফিট ছিলেন না বলে জানিয়েছেন রাফিনিয়া। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে পাওয়া আগের চোট থেকে পুরোপুরি সেরে ওঠার আগেই মাঠে ফিরেছিলেন তিনি। পরে হাইতির বিপক্ষে ম্যাচে পুরোনো সমস্যাটি আবার দেখা দেয়।
বিশ্বকাপের হতাশা নিয়ে রাফিনিয়া বলেন, ‘ব্যক্তিগতভাবে ব্যাপারটি খুব হতাশাজনক ছিল। নিজেকে দলের গুরুত্বপূর্ণ একজন মনে করতাম, কিন্তু শতভাগ ফিট ছিলাম না। চোট থেকে ফিরে বার্সেলোনার হয়ে খুব বেশি ম্যাচও খেলিনি। বিশ্বকাপের শেষ দিকে দলকে আরও বেশি সাহায্য করতে না পারাটা আমার জন্য অনেক কষ্টের ছিল।’
আনচেলত্তির সঙ্গে নিজের সাম্প্রতিক আলোচনা নিয়েও মুখ খুলেছেন রাফিনিয়া। জানিয়েছেন, বিশেষ কোনো সুবিধা চাওয়া কিংবা জাতীয় দলের ম্যাচ এড়িয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়নি। কোচের সঙ্গে মূলত শারীরিক অবস্থা এবং পুরোপুরি ফিট হয়ে খেলার বিষয়েই কথা হয়েছিল।
তিনি বলেন, ‘আমাদের আলোচনায় বিশেষ কিছু ছিল না। আগের আন্তর্জাতিক বিরতির ঘটনার পর স্বাভাবিকভাবেই কথা হয়েছিল। কত মিনিট খেলব, সেটির চেয়ে গুরুত্বপূর্ণ ছিল নিজের যত্ন নেওয়া এবং শতভাগ প্রস্তুত থাকা।’
ব্রাজিলের হয়ে খেলার আগ্রহ বোঝাতে নিজের সাম্প্রতিক একটি সিদ্ধান্তের কথাও জানিয়েছেন রাফিনিয়া। কানের একটি ছোট সমস্যার চিকিৎসায় অস্ত্রোপচারের তারিখ এগিয়ে এনেছিলেন তিনি, যাতে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে সমস্যা না হয়।
এদিকে রাফিনিয়ার পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালিয়েসও। আর্সেনাল তারকার মতে, সতীর্থের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। জাতীয় দলের প্রতি রাফিনিয়ার নিবেদন নিয়ে নিজেদের মধ্যে কোনো সন্দেহ নেই।
নিয়মিত অধিনায়ক মারকিনিওস চোটের কারণে দলে না থাকায় জাপানের বিপক্ষে ব্রাজিলকে নেতৃত্ব দেবেন রাফিনিয়া। তার ওপর আস্থা রেখেছেন কোচ আনচেলত্তি।
জাপানের বিপক্ষে ম্যাচ নিয়েও সতর্ক ব্রাজিলিয়ান উইঙ্গার। প্রতিপক্ষের সামর্থ্যের প্রশংসা করে জানিয়েছেন, বিশ্বকাপের অভিজ্ঞতার পর নতুন করে দল গড়ছে ব্রাজিল। তরুণ ফুটবলারদের মধ্যে ভালো করার প্রবল ইচ্ছাও দেখতে পাচ্ছেন তিনি।
শনিবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি বছরের আন্তর্জাতিক সূচি শেষ করবে আনচেলত্তির দল।


