logo

রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি

রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের কার্যালয়ে মাহফিল আয়োজনের বিষয়ে সমঝোতা বৈঠক শেষে বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ছবি : এশিয়া পোস্ট

ঝিনাইদহের কালীগঞ্জে একই দিন, একই সময়ে ও একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার অবসান হয়েছে। উপজেলা প্রশাসন ও পুলিশের মধ্যস্থতায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে আলোচনার পর সমঝোতা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। তবে মাহফিলে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না এমন শর্তে সম্মত হয়েছেন উভয় পক্ষের নেতারা।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে কালীগঞ্জ থানায় এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এবং বিএনপির নেতারা অংশ নেন। আলোচনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিবের সঙ্গে কথা বলে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল আয়োজনের বিষয়ে ঐকমত্যে পৌঁছান নেতারা।

সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনি এবং জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সাবেক আমির অলিয়ার রহমানসহ দুই দলের স্থানীয় পর্যায়ের নেতারা।

এর আগে শুক্রবার দুপুর ২টায় শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা। মাদ্রাসাটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মাহফিলে প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব এবং বিশেষ অতিথি হিসেবে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মাওলানা মতিয়ার রহমানের নাম ঘোষণা করা হয়।

অন্যদিকে একই সময় ও একই মাঠে ‘সচেতন কালীগঞ্জবাসী ও ছাত্রজনতা’র ব্যানারে মাদকবিরোধী সমাবেশের ডাক দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর থেকে ইজিবাইকে মাইক লাগিয়ে শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচির প্রচার চালানো হয়। একই স্থানে দুটি কর্মসূচি ঘোষণার পর শহরজুড়ে উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়। এমনকি ১৪৪ ধারা জারির সম্ভাবনাও দেখা দেয়।

এদিকে গত ১১ নভেম্বর ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে মাহফিলের অনুমতির আবেদন অনুমোদন না দেওয়ার বিষয়টি জানানো হয়। ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকীর করা আবেদনটি জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছিল। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানানো হয়।

মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকী বলেন, গত ২৩ অক্টোবর জেলা প্রশাসকের কাছে মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। সে সময় প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে প্রস্তুতি চালিয়ে যাওয়ার কথা বলা হলেও পরে লিখিত অনুমতি পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির নেতারা। সেখানে তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে তাফসির মাহফিল বানচালের চেষ্টা করছে। প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তারা বলেন, মাহফিল আয়োজনের বিষয়ে তারা অনড়। এমনকি ১৪৪ ধারা জারি করা হলেও মাহফিল বাস্তবায়নের ঘোষণা দেন নেতারা।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, একই স্থানে দুটি পক্ষের কর্মসূচি নিয়ে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে উভয় পক্ষের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সমঝোতা হয় এবং মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।