logo

বিনামূল্যে এআই প্রশিক্ষণ, পাবেন ভাতা

বিনামূল্যে এআই প্রশিক্ষণ, পাবেন ভাতা
এআই জেনারেটেড প্রতীকী ছবি

প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে দেশের ৬৪ জেলায় তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বিনামূল্যে মৌলিক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণে ১৮ থেকে ৩৫ বছর বয়সি তরুণ-তরুণীরা অংশ নিতে পারবেন। আগ্রহীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের’ তৃতীয় ব্যাচের কার্যক্রম আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন ছয় ঘণ্টা করে ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।

এ প্রশিক্ষণে আবেদনের জন্য প্রার্থীদের কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে মৌলিক জ্ঞানের পাশাপাশি ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে এই ওয়েবসাইটে (http://www.dzaiproject.com/apply)। নির্ধারিত সময় শেষ হলে আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

আবেদন জমা দেওয়ার পর আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৮ নভেম্বর লিখিত পরীক্ষা এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশ করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করবে।

প্রশিক্ষণে ভর্তির জন্য কোনও ফি দিতে হবে না। এ ছাড়া অনাবাসিক প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন খাবারের ব্যবস্থাও থাকবে। প্রশিক্ষণ শেষে নির্ধারিত শর্ত পূরণ করে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।