logo

এমপি নুসরাতের বাড়িতে আগুন, হত্যাচেষ্টার অভিযোগে মামলা

এমপি নুসরাতের বাড়িতে আগুন, হত্যাচেষ্টার অভিযোগে মামলা
এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে আগুন। ছবি: এশিয়া পোস্ট কোলাজ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরে নিজ বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় নিজেই বাদী হয়ে মামলা করেন নুসরাত তাবাসসুম।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার পর সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজে দৌলতপুর থানায় গিয়ে মামলার এজাহার জমা দেন। মামলায় কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের আট নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। এ সময় দুটি ছাগলও পুড়ে মারা যায় বলে জানা গেছে।

এ ঘটনায় পরিবারের সদস্যদের প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন সংসদ সদস্য।

এদিকে, বাড়িতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তবে তদন্তের স্বার্থে মামলার এজাহারনামীয় আসামিদের নাম প্রকাশ করেননি তিনি।