logo

এক বাসের ধাক্কায় ১০ গাড়ির সংঘর্ষ, এমপির বহরের চার গাড়ি ক্ষতিগ্রস্ত

এক বাসের ধাক্কায় ১০ গাড়ির সংঘর্ষ, এমপির বহরের চার গাড়ি ক্ষতিগ্রস্ত
এমপির বহরে থাকা ক্ষতিগ্রস্ত একটি প্রাইভেটকার। ছবি : এশিয়া পোস্ট

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ডলফিন পরিবহনের একটি বাসের ব্রেক বিকল হয়ে ট্রাকসহ ১০টি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক যাত্রী ও চালক আহত হয়েছেন। দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একটি ইজিবাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অক্ষত রয়েছেন সংসদ সদস্য।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা ডলফিন পরিবহনের একটি বাসের ব্রেক বিকল হয়ে প্রথমে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সংসদ সদস্য সেলিমুজ্জামানের গাড়িবহরে ধাক্কা দেয়। এতে বহরের কয়েকটি গাড়িসহ মোট ১০টি যানবাহন সংঘর্ষে জড়িয়ে পড়ে। একই ঘটনায় একটি ইজিবাইকও ক্ষতিগ্রস্ত হয়। এতে বিভিন্ন গাড়ির যাত্রী ও চালকসহ অর্ধশতাধিক মানুষ আহত হন।

আহতদের মধ্যে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজীর অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া গুরুতর আহত ২৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অন্য আহত ব্যক্তিদেরও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘাতক বাস থেকে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। ছবি : এশিয়া পোস্ট
ঘাতক বাস থেকে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। ছবি : এশিয়া পোস্ট

দুর্ঘটনার সময় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে তার নির্বাচনি এলাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। মুকসুদপুরে প্রবেশের সময় তার গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। এতে বহরের চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত রয়েছেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু জানান, দুর্ঘটনার পর সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম সুস্থ ও অক্ষত রয়েছেন। তবে তার গাড়িবহরের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে আসা ডলফিন পরিবহনের একটি বাসের ব্রেক বিকল হয়ে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, বাসটি প্রথমে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে সংসদ সদস্যের গাড়িবহরের গাড়িগুলোর সঙ্গে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

এদিকে দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা, ক্ষয়ক্ষতির পরিমাণ ও প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট